গাড়ির ধাক্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের গাড়ির ধাক্কায় আহত হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন রেস্তোঁরা কর্মী আতাউর রহমান (৩৫)। তিনি গত বুধবার দুপুরে রাজধানীর হাতিরপুল বাজারে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। গাড়িটি শফিউজ্জামান নিজেই চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আতাউর রহমান হাতিরপুল কাঁচাবাজার-সংলগ্ন তারা মিয়ার রেস্তোঁরায় রুটির কারিগর ছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গাড়িটি আটক করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে হাতিরপুলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ফুটপাতে উঠে যায়। এ সময় পথচারী আতাউর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ওই চিকিৎসকই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে আতাউরের মৃত্যু হয়।