ঈদের ছুটি কাটিয়ে গতকাল বুধবার থেকে চট্টগ্রাম নগরে ফিরতে শুরু করেছে মানুষ। কিন্তু ফেরার সময়েও শহরতলী ও আশপাশের উপজেলার বাসিন্দাদের গাড়ি-সংকটের কারণে দুর্ভোগে পড়তে হয়। কোনো কোনো রুটে গাড়ি ভাড়া দুই থেকে আড়াই গুন বেড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
নগরে ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার বাসিন্দারা গতকাল দিনভর গাড়ি-সংকটে পড়ে। বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও আনোয়ারার বাসিন্দারা সিএনজিচালিত অটোরিকশা কিংবা লোকাল ও বিরতিহীন বাসে চড়ে নগরে যাতায়াত করে। কিন্তু গ্যাস-সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশন গত মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দেওয়ায় ছোট গাড়ি জ্বালানি-সংকটে পড়ে। যাত্রীর ভিড় দেখে পরিবহন শ্রমিকেরা বাস ভাড়াও বাড়িয়ে দেন।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে নগরে আসে রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দারা। প্রধান মাধ্যম যাত্রীবাহী বাস (বিরতিহীন) হলেও গতকাল গাড়ি ছিল কম। চন্দ্রঘোনা বাসস্টেশন থেকে ছেড়ে আসা বাসগুলো পৌরসভার রোয়াজারহাট থেকেও টিকিট কেটে যাত্রী তোলে।
গতকাল সকাল নয়টায় রোয়াজারহাট বাজারে কথা হয় যাত্রী মোহাম্মদ ফারুকের সঙ্গে। তিনি নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ফারুক বলেন, ‘টিকিট কাটার পরও লাইনম্যান বলছেন গাড়ি কখন আসে ঠিক নেই। কারণ গাড়ি কম। যখন আসে তখন উঠবেন।’
সেখানে অবস্থান করে দেখা যায়, প্রায় আধা ঘণ্টা পর যাত্রীবাহী একটি বাস আসে। তাও যাত্রীতে ঠাসা।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। চন্দনাইশের বাসিন্দা মোহাম্মদ মুজিব পরিবারের সদস্য নিয়ে গতকাল বিকেলে চট্টগ্রামে ফেরার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে পটিয়া পর্যন্ত আসেন। এরপর পটিয়া থেকে চট্টগ্রামের মুরাদপুরে আসার কোনো অটোরিকশা পাচ্ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষার পর সিএনজিচালিত একটি অটোরিকশা মিললেও সেটি এক হাজার টাকা ভাড়া দাবি করে। যদিও অন্য সময়ে অটোরিকশার ভাড়া ৪০০ টাকা। এজন্য তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন বলে প্রথম আলোকে জানান।
চট্টগ্রাম-আনোয়ারা রুটেও গতকাল গ্যাস-সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশা কম দেখা গেছে। ফলে বাসের ওপর যাত্রীর চাপ বাড়ে। এতে উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী থেকে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের কাছ থেকে দুই-তিনগুণ ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।