গান-আড্ডা-কথায় শেষ হলো মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবার এল যে সন্ধ্যা...’ কণ্ঠশিল্পী দিনাত জাহান যখন গানে সুর তুললেন, তখন পুরো ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন। সবাইকে মাতিয়ে তিনি একে একে গাইলেন তিনটি গান।গত শুক্রবার রাতে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে ছোট-বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে নাচল আর গলায় সুর মেলাল। মধ্যরাত পর্যন্ত গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শুভ্র দেব, মৌটুসি, ফকির শাহাবউদ্দিন, বিদিত লাল দাস, চন্দ্রাবতী রায় বর্মণ, অরূপ রতন চৌধুরী ও রানা কুমার সিনহা। শিল্পীরা বাউলসম্রাট শাহ আবদুল করিম, রাধারমণ, হাসন রাজাসহ দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পীদের জনপ্রিয় গানসহ আধুনিক গান পরিবেশন করেন।গত শনিবার অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। উত্সবের সমাপনী দিনে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, র্যাফল ড্র এবং নানা ধরনের খেলার আয়োজন ছিল। প্রাক্তন শিক্ষার্থীরা সারা দিন বিদ্যালয়ে সদ্য ভর্তি শিক্ষার্থীদের মতো ছোটাছুটি, দুষু্বমি আর আড্ডায় সময় কাটিয়েছেন।বিকেল সাড়ে চারটায় শুরু হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ। সমাপনী অনুষ্ঠানের পরপর সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পীরা গাইলেন জনপ্রিয় সব গান। মধ্যরাতে গান-আড্ডা-কথার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী মিলনমেলা। সব প্রাক্তন শিক্ষার্থীর চোখে-মুখে ছিল বিষাদের সুর। শব্দবর্ধক যন্ত্র থেকে অনুষ্ঠানের সঞ্চালক বারবার কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘আবার দেখা হবে বন্ধু...।’