গান-আড্ডায় প্রীতি সম্মিলন
গান, আড্ডা, স্মৃতিচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বৃহত্তর চট্টগ্রামের ছাত্র ইউনিয়নের সাবেক নেতা-কর্মীদের প্রীতি সম্মিলন হয়েছে। সংগঠনের সাবেক নেতা-কর্মীদের পদচারণায় দিনভর মুখর ছিল অনুষ্ঠানস্থল চট্টগ্রাম নগরের মুসলিম হল ও এর প্রাঙ্গণ। সম্মিলনের স্লোগান ছিল ‘অপশক্তির বিরুদ্ধে অব্যাহত থাকুক শান্তি ও প্রগতির লড়াই’।
জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সম্মিলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) অধ্যাপক মাহফুজা খানম। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মাহফুজা খানম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার সংগ্রামে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। এই পতাকায় আমাদের অনেক কর্মীর রক্ত লেগে আছে।’
সম্মিলন উদ্বোধনের পর মুসলিম হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন সংগঠনের পুরোনো ও বর্তমান নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘গৌরবোজ্জ্বল সংগ্রামের প্রথম তিন দশক: ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম’ শীর্ষক বক্তৃতা দেন অধ্যাপক মাহবুবুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র ইউনিয়ন জন্মের পর থেকেই ছাত্রসমাজের বৃহত্তর অংশকে ঐক্যবদ্ধ করে সংগ্রামে এগিয়ে যেতে সচেষ্ট ছিল। তিনি বলেন, দেশ স্বাধীন হলেও স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ফণা তুলতে চায়। দেশপ্রেমহীন স্বার্থান্বেষীরা আপন স্বার্থ হাসিল করতে গিয়ে দেশকে সর্বনাশের কিনারায় ঠেলে দিচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে শান্তি ও প্রগতির শক্তির ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে। এই লড়াইয়ে শুভশক্তির জয় হোক।
‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (১৯৮০-২০১৫) প্রতিকূল আবহে প্রদীপ্ত পথচলা’ শীর্ষক বক্তৃতায় কানাই দাশ বলেন, মানবতার শত্রু সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও দেশীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে এখনো নির্ভীক উচ্চারণ শোনা যায় ছাত্র ইউনিয়নের মঞ্চ থেকে।
সম্মিলন পরিষদের চেয়ারম্যান বালাগত উল্লাহের সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব রিপায়ন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাবুল দে, শিহাব চৌধুরী বিপ্লব, দেলোয়ার মজুমদার, শিমুল কান্তি বৈষ্ণব।
সম্মিলনে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নারীমুক্তি ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ২৯ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মিলনের শেষ পর্বে বিকেলে ছিল সাংস্কৃতিক আয়োজন।