গান আর কবিতায় কবি মাহবুবের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন
গান আর কবিতায় উদ্যাপিত হলো একুশের প্রথম কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মবার্ষিকী। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের গীতাঞ্জলি ললিতকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কবিপত্নী জওশন আরা রহমান। আলোচনা করেন সাবেক পুলিশ সুপার এ টি এম ফারুক আহমেদ, সংগীতশিল্পী ফাহমিদা খাতুন, কবি মাকিদ হায়দারসহ অনেকে।
কবির জন্মবার্ষিকীতে গীতাঞ্জলি একাডেমি প্রাঙ্গণে আলোচনার পাশাপাশি গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কবির বিখ্যাত কবিতা, ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি এবং কবিকে নিয়ে লেখা নতুন কিছু কবিতা আবৃত্তি করা হয়। সংগীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা খাতুন ও একাডেমির অন্য শিল্পীরা।
কবি মাহবুব উল আলম চৌধুরী ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা আসাদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর পরলোকগমন করেন।