গান আর দেশি ফলে বর্ষাবরণ-জ্যৈষ্ঠ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ উপলক্ষে ব্রজমোহন কলেজে চলছে উৎসব। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ উপলক্ষে ব্রজমোহন কলেজে চলছে উৎসব। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,/ আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।।/ এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে...’—রবীন্দ্রনাথের এই গান সত্যি করে দিয়েছে জ্যৈষ্ঠের একপশলা বৃষ্টি।
গতকাল শুক্রবার আষাঢ় না হলেও দুপুরের একপশলা বৃষ্টি বর্ষার আগমনধ্বনি জানিয়ে দিয়েছে। এই বৃষ্টিকে সঙ্গী করেই বর্ষাবরণ ও জ্যৈষ্ঠ উৎসবে মেতে ওঠে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সংগঠন উত্তরণ।
কলেজের কবি জীবনানন্দ দাশ চত্বরের পাশে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন কার্যালয়ে ও চত্বরে এ বর্ষাবরণ ও জ্যৈষ্ঠ উৎসবের আয়োজন করা হয়। জ্যৈষ্ঠ মাসে দেশি ফলের আয়োজনের সঙ্গে আষাঢ়ের বন্দনায় প্রাণবন্ত হয়ে ওঠে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ। সকাল থেকে আয়োজন চললেও দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষার গান।
বর্ষাবরণ ও জ্যৈষ্ঠ উৎসব হয়ে ওঠে ফলের মেলাও। আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি বেতফল, কাউ, ডেউয়া, মুরমুরি, করমচা, বেল, তাল, আনারস, আঁশফল, কাঠলিচু, লটকন, পায়লা, লেবু, ডালিম, পানিফল, জামরুল, পেয়ারা, খেজুর, বঁইচি, নারকেল, কলা, নৈলসহ আরও বিভিন্ন ধরনের ফল স্থান পায় সেই মেলায়।
গান ও আড্ডার এক ফাঁকে দুই উৎসবের উদ্বোধন করেন বিএম কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল। পরে উপস্থিত সবাইকে দেশি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।