গান-কবিতা-নাটক আর চিত্রকর্মে সাম্প্রদায়িকতা উপড়ে ফেলার ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে একের পর এক চলছে জাগরণের গান, কবিতা আবৃত্তি আর নাটক। মঞ্চের পাশে রাখা ক্যানভাসে রংতুলির আঁচড়ে সাম্প্রদায়িকতাবিরোধী চিত্র ফুটিয়ে তুলছেন শিল্পীরা। তারই সামনে রাখা ক্যানভাসে ইচ্ছেমতো আঁকছে শিশুরাও। পাশেই চলছে পোস্টার প্রদর্শনী। মাঝে মাঝে মঞ্চে উঠে একাত্মতা প্রকাশ করছেন বিশিষ্টজনেরা।

এভাবে নানা পরিবেশনা ও আয়োজনের মধ্য দিয়ে সবাই মিলে ডাক দিলেন সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলার। গতকাল সোমবার বিকেলে রাজশাহী নগরের কুমারপাড়া পদ্মারপাড়ে অবস্থিত রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করে ইলা মিত্র শিল্পী সংঘ।

‘সাম্প্রদায়িকতা একটি বিষবৃক্ষ, আসুন শিকড়সুদ্ধ উপড়ে ফেলি’—শীর্ষক এই অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রবীণ অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক রকীব আহমদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সংরক্ষিত কাউন্সিলর বিলকিস বানু প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে কোনোভাবেই বাংলাদেশকে কলুষিত হতে দেওয়া যাবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে।

সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাজনীতিকে না বলার আহ্বান জানিয়ে নাটক মঞ্চস্থ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল। ‘জাগরণের পালা’ নামের নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেন ও সুশান্ত কুমার অধিকারীর নেতৃত্বে একদল শিক্ষার্থী অংশ নেন সাম্প্রদায়িকতাবিরোধী চিত্রকর্ম অঙ্কনে। ক্যানভাসে তাঁরা ফুটিয়ে তোলেন সাম্প্রদায়িকতার ভয়াবহতা। এই ক্যানভাসের বিপরীত দিকে মাঠে রাখা হয় একটি সাদা ক্যানভাস। সেখানে শিশুরা মেতে ওঠে রং-তুলির খেলায়। কেউ আঁকে জাতীয় পতাকা, কেউবা বাড়িঘর, গাছপালা।

আর নয় রক্তক্ষরণ, আসুন সাম্প্রদায়িকতাকে না বলি/ স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই/ খ্রিষ্টান বৌদ্ধ হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই—এমন নানা স্লোগানসমৃদ্ধ পোস্টার নিয়ে আয়োজন করা হয় একটি প্রদর্শনীর। সেখানে স্থান পায় চারুকলা বিভাগের ৫৬ জন শিক্ষার্থীর আঁকা পোস্টার।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এস এম আবু বকর।