গান কবিতায় আলোচনায় কবিগুরুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গতকাল রোববার নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিগুরুর গান ও কবিতা আবৃত্তির পরিবেশনা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহ: ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ক্যাম্পাসে সকাল সাতটায় সংস্কার করা রবীন্দ্র মঞ্চ উদ্বোধন ও রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় শহরের সাংস্কৃতিক সংগঠন ‘আলোক ধারা’র শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এ ছাড়া তাঁর কবিতা পাঠ এবং রবীন্দ্রসংগীতের সুরে নৃত্য পরিবেশন করা হয়। দুপুরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও বিকেলে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র পর্ষদের সভাপতি মুহম্মদ মোকাররম হোসায়েনের সভাপতিত্বে ‘রবীন্দ্রনাথের কাছে আমাদের ঋণ’ শীর্ষক আলোচনায় অংশ নেন জন্মোৎসবের আহ্বায়ক কবি ইয়াজদানী কোরায়শী কাজল, অধ্যাপক নজরুল হায়াত, প্রাবন্ধিক ও ছড়াকার স্বপন ধর, কবি স্বাধীন চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় আলোচনা সভা শেষে রবীন্দ্রসংগীতের চর্চা ও প্রসারে আত্মনিবেদিতজন অধ্যাপিকা সুমিতা নাহাকে ‘রবীন্দ্র পর্ষদ’ সম্মাননা দেয়। রাতে শহরের শব্দ আবৃত্তি চর্চাকেন্দ্র ও উদম্ব দিগঙ্গন বিচিত্রানুষ্ঠানে অংশ নেয়। উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গীতিনৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশন করেন।নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শীর্ষক এ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নান্দাইল সাংস্কৃতিক গোষ্ঠী ও স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে কবিগুরুর কবিতা আবৃত্তি করা হয়।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। ইটনা উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে ইটনা উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতার আবৃত্তি প্রতিযোগিতা, রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে নয়টায় নতুন কলা ভবনের সামনে মহুয়া তলায় বাংলা বিভাগ আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে রবীন্দ্র-মহুয়া মঞ্চ প্রতিষ্ঠার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বাংলা বিভাগের অধ্যাপক আ খ ম দানীউল হক দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর সেখানে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘রবীন্দ্র নাটকে সাধারণ মানুষের উত্থান পাঠ’ ও ‘রাজা নাটকে দৃশ্যমান ও অদৃশ্যমান রাজা; সমাজ পরিপ্রেক্ষিত’ প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান ও ঊর্মিলা পালিত। সন্ধ্যা সাতটায় রবীন্দ্রনাথ রচিত বিভিন্ন গান, কবিতা, নাটক পরিবেশন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্রনাথের “আত্মপরিচয়”: স্বরূপ দর্শনের শিল্পভাষ্য’ শীর্ষক ‘কবি আব্দুল গফ্ফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতা ২০১১’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ স্মারক বক্তৃতা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. সালেহ উদ্দিন।ফরিদপুর: সম্মিলিত কণ্ঠে গানের মধ্য দিয়ে গতকাল সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। স্থানীয় অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখা। আলোচনায় অংশ নেন আবুল ফয়েজ শাহনেওয়াজ, মোতালেব হোসেন ও শওকত আলী জাহিদ। জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ে বন্ধুসভার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদ নিজস্ব কার্যালয়ে কবিতা পাঠের আয়োজন করে।পটুয়াখালী: গতকাল সকাল নয়টায় স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্ক চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন নির্মল কুমার দাশগুপ্ত। দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ: সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ গোপালগঞ্জ শাখার আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, মো. নাজমুল ইসলাম প্রমুখ। নড়াইল: সকালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বাঁধাঘাট চত্বরে ‘হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ গানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। গতকাল থেকে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন।