গান, গল্প, কবিতায় জাতীয় কবির জন্মদিন উদ্যাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, কথা, গল্পে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল বিদ্রোহী কবির ১১৮তম জন্মবার্ষিকী। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উদ্যোগে নজরুলজয়ন্তীতে আয়োজন করা হয় ‘চির উন্নত মম শির’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামস্-উল-আলম। কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জোহরা ওয়াহিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নজরুল দর্শনের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের শিক্ষক ত্বাইফ মামুন। বিদ্রোহী কবির শৈশব, কৈশোর, তারুণ্য, সৈনিকজীবন ছাড়াও জীবনদর্শন, সৃষ্টি, দেশপ্রেম চেতনা নিয়ে আলোচনায় অংশ নেন ফজলুল হক, বেল্লাল হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।
আমরা কজন শিল্পীগোষ্ঠী আয়োজন করে ‘জাগো নারী জাগো’ শীর্ষক এক অনুষ্ঠানের। এদিকে বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত নজরুলজয়ন্তী উৎসবে বিদ্রোহী কবির অসাম্প্রাদায়িক চেতনা ও জীবনদর্শন নিয়ে আলোচনা, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলগীতি ও নৃত্যালেখ্য পরিবেশন করা হয়। কবি নজরুলের ওপর প্রবন্ধ পাঠ করেন কবি মুহাম্মদ শহীদুল্লাহ। আমরা কজন শিল্পীগোষ্ঠীর সভাপতি নৃত্যজন আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন হাসিনা আকতার, অনামিকা পাল, সাজু আহমেদ। পরে মাহাবুব হাসান সোহাগের পরিচালনায় ‘জাগো নারী জাগো’ নৃত্যানুষ্ঠান হয়। পরে উচ্চাঙ্গ নৃত্য কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন হাসিনা আকতার।
এ ছাড়া কবির স্মৃতিবিজড়িত শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নজরুলজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
এই উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। গতকাল বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী। বক্তব্য দেন বিজয় কুমার সাহা, হাসান সরওয়ারদী সরকার, আবদুর রাজ্জাক, টি এম কামরুজ্জামান, কে এম রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ‘জানা-অজানায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কুড়িগ্রাম
জেলার রাজিবপুর উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাহিত্য পরিষদ রাজীবপুর শাখার উদ্যোগে থানা মোড় চত্বরে এই অনুষ্ঠান হয়। সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আবদুস সবুর ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক ছিলেন ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার কবি সুহৃদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফাউজুল কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার, কবি ও সাহিত্যিক এম এ বারী, কবি মু আ রাজ্জাক, কবি কাইয়ুম আজাদ, কবি গোলাম মোস্তফা, মেহেদী ইকবাল, অধ্যাপক আনজুম আরা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ
কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, নজরুলের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনাববগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সকাল ১০টায় শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ জাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য এ বি এম রাশেদুল হাসান, ট্রেজারার (চ.দা.) শাহরীয়ার কবির, রেজিস্ট্রার মকবুল প্রমুখ।
পরে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় নজরুলের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উল্লাপাড়া ও তাড়াশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশে জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। উল্লাপাড়ার নজরুলসংগীত শিল্পী পরিষদ স্থানীয় শহীদ মিনারের পাদদেশে ‘উন্নত মম শীর’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব। বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামছুজ্জোহা, রবীন্দ্র গবেষক নাছিম উদ্দিন মালিথা, শিক্ষকদের মধ্যে প্রদীপ কুমার নন্দী, শামীম হাসান প্রমুখ।
তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকার গোন্তাবাজারে আবদুল লতিফ গণপাঠাগার কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল লতিফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নেন সংগঠনের ইসহাক আলী, রাজিব এককা, জুলফিকার মোল্লা, আবুল হোসেন, নিরেন নরেশ, শাহিন আলম, সবুজ আহমেদ, শামীম হোসেন, রাকিব-আল-হাসান প্রমুখ।