শাহ আবদুল করিম কেবল বাউলই নন, সাম্প্রতিক সময়ে বাউলগানের সম্রাটও বটে। তাঁর সময়ে তিনিই ছিলেন কিংবদন্তি। তাঁর গানের ভাষা ও সুর বাঙালিকে দীর্ঘকাল ধরে মোহিত করে আসছে। তত্ত্ববহুল গান রচনা করে তিনি বাউল মতবাদ প্রতিষ্ঠার পেছনে আজীবন সংগ্রাম করে গেছেন। পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ-দুর্দিনে গান গেয়ে জাতিকে উজ্জীবিত করেছেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের বারুতখানা এলাকায় শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘চৌদ্দভুবন’-এর উদ্যোগে বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
চৌদ্দভুবনের আহ্বায়ক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরশ আলী, কবি তুষার কর, অধ্যাপক শামসুল আলম ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্যসচিব আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। সংস্কৃতিকর্মী অনামিকা রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট শিশু একাডেমীর সংগঠক জামান মাহবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভীক সোবহান, সহকারী অধ্যাপক নিলয় সরকার, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, তবলাবাদক প্রসেন রায় ও সুমনকুমার দাশ।
প্রথম আলোর দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, প্রয়াতের গ্রামের বাড়ি দিরাইয়ের উজানধলে বেলা দুইটায় শাহ আবদুল করিমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। করিম-তনয় শাহ নূরজালালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সাংবাদিক কুদরত পাশা, উন্নয়ন সংগঠক মোশারফ হোসেন, রাকিব মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি নজরুল ইসলাম রানা। এরপর বাউলগানের আসরে সংগীত পরিবেশন করেন বাউল আবদুর রহমান প্রমুখ। সারা রাত চলে গানের আসর।