গান গেয়ে, ছবি তুলে বন্যার্তদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে গান গেয়ে বন্যাদুর্গত মানুষের জন্য অর্থ সংগ্রহ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l সংগৃহীত
রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে গান গেয়ে বন্যাদুর্গত মানুষের জন্য অর্থ সংগ্রহ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ফটোগ্রাফি করেন। আরেক দল তরুণ ক্যাম্পাসের এখানে-সেখানে বসে গান করেন। একদল সক্রিয় তাঁদের জেলা সমিতি নিয়ে। কারও আছে স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তরের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন তাঁরা সবাই। মানুষকে গান শুনিয়ে, ছবি তুলে দিয়ে, বন্যার্তদের দুর্দশার কথা জানিয়ে অর্থ জোগাড় করছেন।

কয়েক দিন ধরে রাজশাহী নগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেখা যায় এই সব তরুণকে। নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই তাঁরা নেমেছেন রাস্তায়। এই তরুণদের চাওয়া, তাঁদের দেখাদেখি অন্যরাও এগিয়ে আসুক নিজেদের সাধ্যমতো।

গিটার, ঢোল, দোতরা ও কাহন নিয়ে রাজশাহী নগরের এখানে-ওখানে গান গেয়ে বেড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘বন্যার্তদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে তাঁরা গান শোনাচ্ছেন জড়ো হওয়া মানুষদের। গান শুনে খুশি হয়ে যে যার মতো পারছেন অর্থসহায়তা করছেন। তাঁদেরই দুজন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমামুল বাকের ও নাজমুল ইসলাম। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের আড্ডা দিতে দিতে গান গেয়ে সাহায্য তোলার ধারণাটা মাথায় এল। এর আগে ত্রাণ তুললেও এভাবে গান গেয়ে ত্রাণ সংগ্রহ এবারই প্রথম। মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন।

‘ছবি তুলুন, বন্যার্তদের সাহায্য করুন’ স্লোগান নিয়ে রাস্তায় নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমসিজে ফটোগ্রাফি ক্লাবের একদল তরুণ। তাঁরা নগরের বিভিন্ন স্থানে ঘুরতে আসা মানুষের ছবি তুলে দিচ্ছেন। বিনিময়ে তাঁদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করছেন। যে অর্থ পৌঁছে দেওয়া হবে বানভাসি মানুষের মাঝে।

তরুণদের এই উদ্যোগের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ‘তরুণদের নিয়ে অনেকে হতাশার কথা বললেও তাঁদের এই ধরনের উদ্যোগ আমাদের জন্য আশাব্যঞ্জক। তাঁরা মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁদের মতো সবারই উচিত মানুষের জন্য এগিয়ে আসা।’