গান গেয়ে টাকা না পেয়ে কেঁদে বাড়ি ফিরলেন শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা রাত জেগে বাউলশিল্পীরা গান গাইলেন৷ সকালে অনুষ্ঠান শেষ হওয়ার পর শিল্পীরা দেখলেন আয়োজকদের কেউ নেই৷ সম্মানী না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা কেঁদে বাড়ি ফিরে যান৷ গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার এ ঘটনা৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার সামছু দেওয়ান, সাইদুর দেওয়ান ভান্ডারী ও নিজাম উদ্দিন ভান্ডারী গত মঙ্গলবার দিবাগত রাতে চান্দরা মণ্ডলপাড়া এলাকায় ‘খাজার ডেক’ নামে বাউলগানের আয়োজন করেন৷ তাঁরা টাঙ্গাইলের নাগরপুর এলাকার সৈয়দ লাবলু সরকার এবং মানিকগঞ্জের সাথি সরকারসহ ১৫ জন শিল্পীর সঙ্গে ৪০ হাজার টাকা চুক্তি করেন৷ গত সোমবার সকালে চুক্তি করার সময় শিল্পীদের হাতে এক হাজার টাকা বায়না দেন৷ বাকি টাকা অনুষ্ঠান শেষে দেওয়ার কথা ছিল৷ গত মঙ্গলবার অতিথিদের বক্তৃতা শেষে রাত আটটা থেকে গান শুরু হয়৷ গান শেষ হয় রাত আড়াইটায়৷ অনুষ্ঠান শেষে হওয়ার পর শিল্পীরা আয়োজকদের দেখা পাননি৷ তাঁরা গতকাল বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করেন৷ পরে তাঁরা কালিয়াকৈর গিয়ে নিজেদের টাকায় নাশতা করেন৷ এরপর তাঁরা অভিযোগ নিয়ে কালিয়াকৈর থানায় যান৷ শেষে শিল্পীরা কালিয়াকৈর পৌরসভার মেয়রের কাছে অভিযোগ দিয়ে ক্ষোভে-দুঃখে বাড়ি ফিরে যান৷
লাবলু সরকার বলেন, ‘রাত জেগে গান করেছি৷ আয়োজকেরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন৷’
শিল্পী সাথি সরকার বলেন, তাঁদের দুই শিল্পীর দুটি আলাদা দল৷ দুই দলের সঙ্গে ২০ হাজার করে ৪০ হাজার টাকায় চুক্তি করা হয়৷ অনুষ্ঠান শেষে টাকা দেওয়ার কথা থাকলেও তাঁরা টাকা না দিয়ে পালিয়ে যান৷
খাজার ডেকের বাউলগানের আয়োজক সামছু দেওয়ান, সাইদুর দেওয়ান ভান্ডারী ও নিজাম উদ্দিন ভান্ডারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনটি সংযোগই বন্ধ পাওয়া যায়৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শিল্পীরা মৌখিকভাবে পুলিশের কাছে অভিযোগ করেছেন৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷