গান গেয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসা!
কুড়িগ্রামের উলিপুরের পল্লীতে একজন কবিরাজ পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর চিকিৎসা চালাচ্ছেন গান গেয়ে। বাড়ির উঠানে একটি চৌকি পেতে তার চারদিকে কয়েকজন লোক কবিরাজের সঙ্গে ঢোলখোল ও দোতারা বাজিয়ে গান করছেন। গানের তালে তালে চলছে ঝাড়ফুঁক।উলিপুর উপজেলার তবকপুর গ্রামে কবিরাজ জামাল উদ্দিন ও তাঁর সহযোগী মাইদুল ইসলাম এভাবে পক্ষাঘাতগ্রস্ত আনছার আলীর (৫০) চিকিৎসা করছেন। মাঝেমধ্যে গাছগাছালি দিয়ে চলছে ঝাড়ফুঁক। এ ছাড়া রোগ নির্ণয়ে কবর খুঁড়ে কবরের মধ্যে ৩০ মিনিট সহযোগী মাইদুল ইসলামকে রেখে বিভিন্ন প্রশ্ন করে তথ্য জানার চেষ্টা করেন কবিরাজ। এই দৃশ্য দেখার জন্য গ্রামসহ আশপাশের লোকজন জড়ো হয় আনছার আলীর বাড়িতে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এভাবে চিকিৎসা চললেও রোগী সুস্থ না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ।কবিরাজের সহযোগী মাইদুল ইসলাম কবরে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ইতিপূর্বেও আমি দুই-তিন স্থানে এভাবে কবরের মধ্যে ৩০ থেকে ৪৫ মিনিট অবস্থান করেছি। যখন আমাকে কবর থেকে উঠানো হয় তখন আমি বেহুঁশ হয়ে পড়ি।’গত ২১ নভেম্বর ওই গ্রামে গিয়ে এলাকার ফজলার রহমান (৫৮), ধলু মিয়ার (৪৫) সঙ্গে কথা বললে তাঁরা জানান, মাস খানেক আগে দিনমজুর আনছার আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শরীরে খিঁচুনি দিয়ে ব্যথা হয় এবং জ্বর আসে। ধীরে ধীরে তাঁর শরীরের একাংশ অবশ হতে থাকে। গ্রামবাসী চাঁদা তুলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তিন-চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আনছারকে তাঁর স্ত্রী মোমেনা বেগম বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর মোমেনা কবিরাজ জামাল উদ্দিনকে ডেকে এনে স্বামীকে দেখান। রোগী দেখার পর কবিরাজ জামাল উদ্দিন বলেন, তিনি চিকিৎসা করলে রোগী এক মাসের মধ্যে হাঁটতে পারবেন। এ জন্য তিনি মোমেনার কাছে সাত হাজার টাকা দাবি করেন। মোমেনা বেগম ওই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে আনছারের চিকিৎসা শুরু হয়। গত রোববার খোঁজ নিয়ে জানা গেছে, কবিরাজ এভাবে আনছার আলীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কবিরাজ জামাল উদ্দিন বলেন, ইতিপূর্বে তিনি গান গেয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগী ভালো করেছেন। তিনি আশাবাদী তাঁর ঝাড়ফুঁকে আনছার আলী সুস্থ হয়ে উঠবেন।উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা অজয় কুমার বলেন, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে গান গেয়ে চিকিৎসা দেওয়ার নামে অপচিকিৎসা চলছে। এভাবে রোগী ভালো হওয়া তো দূরের কথা, যেকোনো সময় ওই রোগীর অন্যান্য অঙ্গেরও ক্ষতি হতে পারে। এটি নিছক প্রতারণা।