গান গেয়ে বেলুন উড়িয়ে দুদিনের অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নবীন–প্রবীণ এক প্রাণ’ স্লোগানে গতকাল ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন l প্রথম আলো
‘নবীন–প্রবীণ এক প্রাণ’ স্লোগানে গতকাল ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন l প্রথম আলো

বর্ণিল সাজে সাজানো হয়েছে বিদ্যালয়টি। পরিপাটি ক্যাম্পাস। গতকাল শুক্রবার দুপুর থেকেই প্রধান ফটক দিয়ে মাঠের ভেতর আসতে থাকেন প্রাক্তন ছাত্ররা। শুরু হয় বহু বছর আগের সহপাঠীদের নাম ধরে ডাকা। তুমুল আড্ডায় মেতে ওঠা। হাসি আর গানে মাতোয়ারা হওয়া।

ঘড়ির কাঁটা সাড়ে তিনটে ছুঁতেই বেজে উঠল গান, ‘জীবনে চলার পথে শোধরানো ভুল/ দৃঢ় করে নিতে এই জীবনের মূল/ আমরা পেয়েছি সেই বাল্যকালে যশোর জিলা স্কুল’। আকাশে ওড়ানো হয় ১৮০টি বেলুন। এর মধ্য দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল প্রতিষ্ঠার ১৮০ বছর উদ্‌যাপন। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে বসে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের দুই দিনের মিলনমেলা।

নবীন-প্রবীণ এক প্রাণ—স্লোগানে যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীনসহ দেশের খ্যাতিমান ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান বিদ্যালয়ের সাবেক ছাত্র যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক এ জেড এম সালেক। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন গীতিকার ও সুরকার মোহাম্মদ রফিকুজ্জামান, কবি ও সাংবাদিক ফখরে আলম প্রমুখ।

১৯৪১ সালের মাধ্যমিকের ব্যাচ থেকে ২০১৭ সালের ব্যাচ পর্যন্ত মোট দুই হাজার প্রাক্তন ছাত্র এই অনুষ্ঠানে যোগ দিতে নিবন্ধন করেছেন।

সবচেয়ে প্রবীণ নুরুল হুদার (১৯৪১ সালের ব্যাচের ছাত্র) বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘জীবনসায়াহ্নে এই স্কুল ক্যাম্পাসে এসে প্রাণের স্পর্শ খুঁজে পাচ্ছি। আজকের অনুষ্ঠানে এসে সেই বাল্যকালে ফিরে যেতে মন চাইছে। বহু বছর আমি এত বেশি আনন্দ পাইনি। আমি ভীষণ খুশি।’