গান, নাচের নান্দনিক পরিবেশনা
দৃশ্যশিল্পের প্রদর্শনী তো ছিলই, তার সঙ্গে যোগ হলো গান, নৃত্য ও গীতিনৃত্যনাট্য। প্রথম আলোর ১৮ বছর পূর্তির উৎসবে আমন্ত্রিত বিদেশি অতিথি, পাঠক ও শুভানুধ্যায়ীরা শনিবার উপভোগ করলেন বাংলার ঋদ্ধ সংস্কৃতির বৈচিত্র্যময় অনুষঙ্গের নান্দনিক পরিবেশনা।
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে ৫ নভেম্বর থেকে চলছে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক দৃশ্য শিল্পকলার প্রদর্শনী। এটি নিবেদন করা হয়েছে ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে। সাপ্তাহিক ছুটির দিনে শনিবার বিকেলে প্রচুর দর্শকসমাগম হয় প্রদর্শনীতে। বিকেল চারটায় প্রদর্শনীতে আসেন বিদেশি অতিথিরা। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ তাঁদের অভ্যর্থনা জানান। শিল্পী ওয়াকিলুর রহমান ও কেহ্কাশা সাবাহ অতিথিদের নিয়ে ঘুরে ঘুরে শিল্পকর্মগুলো দেখান। তাঁরা প্রদর্শনীর মূল ভাবনা এবং বাংলাদেশের সমকালীন চিত্রকলাচর্চার অবস্থাও অতিথিদের সামনে তুলে ধরেন। প্রদর্শনীটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

অতিথিদের মধ্যে ছিলেন ফিনল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক হেলসিঙ্গিন সানোমাট-এর কূটনৈতিক সম্পাদক কারি হুতা, নেপালের সর্বাধিক প্রচারিত দৈনিক কান্তিপুর-এর প্রধান সম্পাদক সুধীর শর্মা, ভারতভিত্তিক সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি মালহোত্রা, ভুটানের সবচেয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও দেশটির জাতীয় দৈনিক কুয়েন সেল-এর সম্পাদক রিনঝিন ওয়াংচুক, ভারতের আসামের বাংলা সংবাদপত্র দৈনিক সাময়িক প্রসঙ্গ-এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, ভারতের ত্রিপুরার দৈনিক দেশের কথা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম দাশ, এশিয়া ও লাতিন আমেরিকায় ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) কর্মসূচি ব্যবস্থাপক এসবেন কিউ হারবো, অস্ট্রিয়াভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান জন ইয়ারউড, বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক স্যান্ডি ব্রেমনার, ভারতের দৈনিক দ্য হিন্দুর সম্পাদক মুকুন্দ পদ্মনাভন, স্লোভেনিয়ার দৈনিক এসএমইতে কর্মরত সাংবাদিক মাতুস কেরাসিমারিক, মেঘালয়ের সবচেয়ে পুরোনো ও বড় ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম, ভুটানের জাতীয় দৈনিক কুয়েন সেল-এর প্রকাশনা বিভাগের সম্পাদক উখ্যিয়ান পেনজর, গার্ডেনস অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডের (গারিও) প্রতিনিধি এমিলিও বারবারানি, দৈনিক ভাস্কর-এর গ্রুপ এডিটর প্রকাশ দুবে, ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝা, অ্যাসোসিয়েটেড প্রেস দক্ষিণ এশিয়া সংবাদ পরিচালক বার্নাত আর্মেঙ, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি, আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য প্রমুখ।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল আমন্ত্রিত অতিথি ও প্রথম আলোর পাঠক, শুভানুধ্যায়ীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ। তিনি বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দেন।
পরে ‘...এবং বাংলাদেশ’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয় লালন সাঁইয়ের গান দিয়ে। গেয়ে শোনান দিনাত জাহান মুন্নী। এ পর্বের সঞ্চালক ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন ব্যবস্থাপক কবির বকুল। এরপর একটি সম্মিলিত নৃত্য। পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এরপর আবার গান। রাহুল আনন্দের নেতৃত্বে জলের গানের শিল্পীরা গেয়ে শুনিয়েছেন তাঁদের জনপ্রিয় তিনটি গান।
শেষটাও ছিল আকর্ষণীয়। প্রথম আলোর বর্ষপূতির উৎসবের মূল ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি অবলম্বনে প্রাচ্যনাটের গীতিনৃত্যনাট্য। এর নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম এবং ধারাবর্ণনা করেছেন আজাদ আবুল কালাম। এতে বাংলার আবহমানকালের গণমানুষের জীবনযাত্রা মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য আন্দোলনসহ জাতির ইতিহাসের গৌরবময় সংগ্রামের ঘটনাগুলো তুলে ধরা হয়। লাল-সবুজের পতাকা উড়িয়ে তারুণ্যের শক্তিতে আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় এই আনন্দঘন আয়োজন।
আরও পড়ুন:
ছবিতে ‘...এবং বাংলাদেশ’