গান-নৃত্যে ওষুধ বিক্রি, ক্রেতারা প্রতারিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চটকদার বিজ্ঞাপন দেখে, গানবাজনা আর নৃত্যের তালে তালে মজে গিয়ে সাধারণ মানুষ হাতুড়ে ডাক্তার-কবিরাজদের কাছ থেকে ওষুধ কিনে প্রতারণার শিকার হচ্ছে।উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, সলঙ্গা, পাঙ্গাশী, নিমগাছী বাজারসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, এসব হাতুড়ে ডাক্তার-কবিরাজ মানুষকে আকৃষ্ট করতে নিজের নামের পাশে বিভিন্ন উপাধি ও ডিগ্রি জুড়ে দিয়েছেন। তাঁদের বেশির ভাগই চলাফেরা করেন প্রাইভেট কার বা মাইক্রোবাসে। পরনে থাকে সুন্দর জামাকাপড় এবং সঙ্গে থাকে গানের শিল্পী ও বাদ্যযন্ত্র। তাঁরা প্রথমে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও গানের মাধ্যমে লোকজনকে জড়ো করে শুরু করেন ওষুধ বিক্রির নানা কৌশল। জমায়েত হওয়া বিভিন্ন বয়সের লোকজনকে অশ্লীল ছবি দেখিয়ে সব রোগের মহৌষধ হিসেবে তাঁরা এসব ওষুধ বিক্রি করেন। সুফল লাভের আশায় ও দাম কম হওয়ায় অনেকেই এসব ওষুধ কেনে। উপজেলার আবুদিয়া গ্রামের সালেক শেখ বলেন, ‘চান্দাইকোনা বাজার থেকে এক কবিরাজের কথামতো আমার স্ত্রীর যৌন রোগের জন্য ৫০ টাকা দিয়ে ওষুধ কিনেছিলাম। কিন্তু ওষুধ খাওয়ার পর তার ডায়রিয়া হয়ে যায়।’গত বুধবার হেকিম ইউসুফ হোসেন বলেন, ‘আমি ওস্তাদের কাছে প্র্যাকটিক্যালি ওষুধ তৈরি করা শিখেছি। সেই থেকে মানুষের উপকার করে আসছি। আমার ওষুধ খেলে সব ধরনের রোগ ভালো হয়।’ রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, মানহীন এসব ওষুধ খেয়ে মানুষ আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এসব ওষুধ খাওয়া ঠিক নয়।