গান পাউডার ও অস্ত্রসহ ১৮ জামায়াত শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরসহ বিভিন্ন স্থানে র‌্যাব-পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ভোররাতে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে দুই কেজি গান পাউডার, একটি পিস্তল, দুটি কিরিচ, দুটি চাপাতি, তিন লিটার পেট্রল ও জাহাজের পাঁচটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকেল চারটায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ ভবনে র‌্যাব-৭-এর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সমেঞ্চলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীরা হলেন দিদারুল আলম (২০), শাহেদ বেলা (২১), মো. রুবেল (২২), দেলোয়ার হোসেন (২৩), মো. আনিছ (২৬), শাহ জামান (২৬), মো. সালাউদ্দীন (২২), মো. নিজাম উদ্দীন (২৩), নূর আলম (২০), আবদুল কাইয়ুম (২০)।
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত র‌্যাব-৭-এর কমান্ডার সাহেদ করিম বলেন, শুক্রবার ভোররাতে পুলিশ-র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে শিবিরের কর্মীদের গ্রেপ্তার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কালাম আযাদ (৪০), মাঈনুল ইসলাম, জসিম উদ্দীন (৪৫), পারভেজ মিয়া (২৭), সোহাগ মিয়া (২১), আলতাফ হোসেন (২৬), সোহরাব হোসেন (২০) ও মো. আনোয়ার হোসেন (২০)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, হরতাল-অবরোধে মহাসড়কে গাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়।
ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলার (উত্তর) সভাপতি কুতুব উদ্দিন দাবি করেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে তিনজন সাধারণ ছাত্র। যাঁরা শিবিরের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
গ্রেপ্তারকৃত কর্মীদের কাছ থেকে অস্ত্র পাওয়ার বিষয়টি সাজানো নাটক বলে মন্তব্য করেন কুতুব উদ্দিন।