গান শোনালেন সেমন্তী
‘দশ বছর আগে ছোট্ট একটি বালিকাকে তাঁর বাবা-মা আমার কাছে নিয়ে এসেছিল। এখন সে ছায়ানটে শেখায়। তার নেতৃত্বের দক্ষতা চমৎকার।’
ছায়ানটের শিক্ষক সেমন্তী মঞ্জরীর অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। বাদ্যযন্ত্রের শব্দে শিল্পীর কণ্ঠ হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে তরুণ এ শিল্পীর দ্বিতীয় অ্যালবাম দেখো রে চিত্তকমলে-এর মোড়ক খোলেন তাঁর দুই গুরু সন্জীদা খাতুন ও মিতা হক।
মিতা হক বলেন, গানের প্রতি সেমন্তীর নিষ্ঠা, চেষ্টা, অধ্যবসায় ও ভালোবাসার কোনো কমতি নেই। গাওয়ার পাশাপাশি সংগীত আয়োজনের প্রতিও তাঁকে মনোযোগী হতে হবে।
মোড়ক উন্মোচনের পর শিল্পী গেয়ে শোনান প্রেম, পূজা পর্বের গান। শোনান বর্ষার গান। এ ছাড়া দর্শক-শ্রোতার অনুরোধেও কিছু গান গেয়ে শোনান তিনি।
অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ
চৌধুরী।