গান হোক গণমানুষের মুখের সংলাপ
শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে বেশ ভিড়। বিভিন্ন বয়সের মানুষের সমাগমে আনন্দঘন পরিবেশ। গতকাল শনিবার থেকে এখানে উদীচীর আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।বিকেলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন সুধীন দাশ। এ সময় উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘আমরা মিলেছি আজকে, সারা বিশ্বের কোটি হাতে হাত মিলাব’ গানটি। ‘গাও জীবনের গান—মাঠে মাঠে ঘরে ঘরে তারই আহ্বান’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলাদেশে আমি উদ্বোধন বা উদ্বোধনী অনুষ্ঠান করতে আসিনি, উদ্বুদ্ধ হতে এসেছি। এখানকার গণসংগীত থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমি কেবল অগ্রণী বিপ্লবী মানুষের চিন্তাকে গানে পরিণত করেছি। এরপর এই গানগুলো এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে, সেই কণ্ঠ থেকে আরেক কণ্ঠে ছড়িয়ে গেছে। গান গাওয়া নয়, গান হবে বলা। গান হোক গণমানুষের মুখের সংলাপের মতো; তাহলেই সেখানে সাধারণ মানুষের কথা উঠে আসবে।’ সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ। আলোচনার পর বিভিন্ন সংগঠন গণসংগীত পরিবেশন করেন।এর আগে একই মঞ্চে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় জাতীয় গণসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ৩৯ জন প্রতিযোগী দুই বিভাগে এ পর্বে অংশ নেয়। এবারের গণসংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘ক’ শাখায় সুনামগঞ্জের প্রতিযোগী মাহজাবিন সুলতানা, ‘খ’ শাখায় বরগুনার প্রতিযোগী বাবুল কৃষ্ণ সাহা প্রথম হয়েছে।মনিরুল ইসলামের সম্মানে প্রীতি সম্মিলনবন্ধু ও সুহূদদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আয়োজন। উপলক্ষ, আন্তর্জাতিক খ্যাতিমান ও দেশের বরেণ্য শিল্পী মনিরুল ইসলামের রাজকীয় স্পেন সরকারের মর্যাদাপূর্ণ ‘দি অর্ডার অব কুইন ইসাবেলা’ পুরস্কারপ্রাপ্তি। গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এই আয়োজনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্পেনের রাষ্ট্রদূত আরতুরো ম্যানুয়েল পেরেজে মার্তিনেজসহ দেশের নবীণ-প্রবীন শিল্পী ও কলানুরাগীরা উপস্থিত ছিলেন। বেঙ্গল ফাউন্ডেশন ও শিল্পীর সুহূদেরা এই প্রীতি সম্মিলনের আয়োজন করেন।স্পেনের রাষ্ট্রদূত শিল্পীর হাতে পদক ও সনদ তুলে দেন। অর্থমন্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই সম্মান শুধু শিল্পী মনিরুল ইসলামের একার নয়, আমাদের সবার। তিনি তাঁর শিল্পসাধনায় দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।’ অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, আবদুশ শাকুর, শামীম আজাদ, শামসুল ওয়ারেস, লুভা নাহিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শিল্পী মনিরুল ইসলামের ওপর বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত প্রামাণ্যচিত্র ফেরা প্রদর্শন করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিদের গান শুনিয়েছেন শিল্পী লাইসা আহমেদ। সঞ্চালনা করেন সুবীর চৌধুরী।সত্যেন সেন গণসংগীত উৎসবচৈত্রের সূর্যটা উঁকি দিচ্ছিল শহীদ মিনারের পেছনে গাছের আড়াল থেকে। বেদির সামনে দর্শক সমবেত। আশপাশে অনেকেই নিজেদের মতো করে আড্ডায় মেতে ওঠে। এমনই এক পরিবেশে শিল্পীরা গেয়ে উঠলেন, ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তা-ই দিয়ে রচি গান/ মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ’—এভাবেই শুরু হয়েছিল অনুষ্ঠান।সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যেন সেনের ১০৩তম জন্মদিন আজ রোববার। তাঁর জন্মদিন উপলক্ষে সত্যেন সেন শিল্পী সংস্থা শহীদ মিনারে দুই দিনের এই গণসংগীতানুষ্ঠানের আয়োজন করে। গতকাল শনিবার উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অজিত রায়। একক সংগীত পরিবেশন করেন বিপুল ভট্টাচার্য, মলয় কুমার গাঙ্গুলি, ফেরদৌস আরা প্রমুখ। দলীয় পরিবেশনায় অংশ নেয় ক্রান্তি, ধ্রুবতান, সুরসপ্তক ও সত্যেন সেন শিল্পী সংস্থা।পঞ্চগড়ে স্বাধীন বাংলা বেতারের গানপঞ্চগড় প্রতিনিধি জানান, শনিবার পঞ্চগড় এম আর সরকারি কলেজ মাঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লোজআপ ও এনটিভি যৌথভাবে তাদের রোড শোর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ দলীয়ভাবে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কামাল ও শীলা ভদ্র এবং ক্লোজআপ তারকা অপু, লিয়ন ও পারুল গান গেয়ে শোনান।