গানবাজনায় পক্ষাঘাতের চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজনার তালে তালে অদ্ভুত সব দুর্বোধ্য শব্দ করে নাচছেন এক যুবক। মাঝেমধ্যে ছুটে যাচ্ছেন কাঠের চেয়ারে বসা পক্ষাঘাতে আক্রান্ত (প্যারালাইজড) রোগীর কাছে। ওই যুবক পেশায় একজন কবিরাজ। নাম তাঁর মো. আল-আমীন (৩০)। তিনি গানবাজনার তালে তালে অস্পষ্ট মন্ত্রোচ্চারণ করে পক্ষাঘাতে আক্রান্ত রোগীর চিকিৎসা করেন।
১৩ এপ্রিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ ঝাউগড়া গ্রামের আবদুল মান্নানের বাড়িতে গিয়ে চিকিৎসার ওই চিত্র চোখে পড়ে। পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন ওই গ্রামের মো. আবুল হাসেম (৪৮)। কবিরাজ আল-আমীনের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামে।
হাসেমের স্ত্রী রেখা আক্তার বলেন, প্রায় এক মাস আগে তাঁর স্বামী জ্বরে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করেন। জ্বর ভালো হলেও তাঁর হাত-পা অবশ হয়ে যায় এবং কথা জড়িয়ে আসে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বেসরকারি একটি হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনেরা হাসেমকে বাড়িতে নিয়ে আসেন। পরে পাড়ার লোকজনের পরামর্শে এক কবিরাজের দ্বারস্থ হন।
হাসেমের পরিবারের একটি সূত্র জানায়, ৫০ হাজার টাকার চুক্তিতে তাঁর চিকিৎসা চলছে। তবে গত চার দিনের চিকিৎসায় হাসেমের কোনো উন্নতি হয়নি।
চিকিৎসার বিরতির সময় কথা হয় কবিরাজ আল-আমীনের সঙ্গে। তিনি বলেন, ছোটবেলা থেকে তিনি শরীর অবশ (পক্ষাঘাতগ্রস্ত) রোগীদের চিকিৎসা করছেন। তাঁর হাতে অনেক রোগী ভালো হয়েছে। আবুল হাসেমকেও তিনি সুস্থ করে তুলতে পারবেন। তাঁর (হাসেম) খারাপ বাতাস লেগেছে।
চিকিৎসার খরচ সম্পর্কে আল-আমীন স্পষ্ট করে কিছু বলতে চাননি। তিনি বলেন, প্রতিদিন অজানা কারও উদ্দেশে কয়েক প্রকার শিরনি প্রদান, চিকিৎসার কাজে তেল ও হাঁস-মুরগির ডিম এবং গুরুত্বপূর্ণ জিনিস ক্রয়ের খাতে প্রচুর টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসায় রোগী ভালো হলে পরিবারের লোকজন যদি খুশি হয়ে যা দেয়, সেটা তিনি গ্রহণ করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. তাজুল ইসলাম খান বলেন, কারও মস্তিষ্কে রক্তক্ষরণ বা মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হলে ওই ব্যক্তি পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন। ক্ষতিগ্রস্ত স্নায়ুর প্রয়োজনীয় চিকিৎসা ও ফিজিওথেরাপি দেওয়া হলে রোগীর পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে বাজনা বাজিয়ে নেচেগেয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসায় কোনো ফল বয়ে আনার কোনো নজির বা যুক্তি চিকিৎসাবিজ্ঞানে নেই। এখানে দুই পক্ষের অজ্ঞতা কাজ করছে।