গানে-আড্ডায় ছাত্র ইউনিয়নের প্রীতি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে প্রীতি সম্মিলন উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো
বেলুন উড়িয়ে প্রীতি সম্মিলন উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো

গান, আড্ডা আর আলোচনা সভার মধ্য দিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো ছাত্র ইউনিয়নের বৃহত্তর চট্টগ্রামের প্রাক্তন নেতা কর্মীদের প্রীতি সম্মিলন। তাঁদের পদচারণায় দিনভর মুখর ছিল চট্টগ্রাম মুসলিম হল ও এর প্রাঙ্গণ।
জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মধ্য দিয়ে সকালে মুসলিম হল প্রাঙ্গণে শুরু হয় এ সম্মিলন। ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) অধ্যাপক মাহফুজা খানম এর উদ্বোধন করেন। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মাহফুজা খানম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার সংগ্রামে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। এই পতাকায় আমাদের অনেক কর্মীর রক্ত লেগে আছে।’
মাহফুজা খানম আরও বলেন, এখন কোনো ছাত্র সংসদ নেই। আদর্শের পতাকা এখন শুধু ছাত্র ইউনিয়নের হাতে। তারাই আদর্শভিত্তিক রাজনীতি করে।
উদ্বোধনের পর মুসলিম হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার হল প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। সম্মিলন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে ওঠেন সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘গৌরবোজ্জ্বল সংগ্রামের প্রথম তিন দশক: ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম’ শীর্ষক বক্তৃতা দেন অধ্যাপক ড. মাহবুবুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র ইউনিয়ন জন্মের পর থেকেই ছাত্র সমাজের বৃহত্তর অংশকে ঐক্যবদ্ধ করে সংগ্রামে এগিয়ে যেতে সচেষ্ট ছিল। ছাত্র ইউনিয়ন সব সময় বৃহত্তর ঐক্য গড়ে তুলে সংগ্রাম করেছে।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধী শক্তি এখনো ফণা তুলতে চায়। দেশপ্রেমহীন স্বার্থান্বেষীরা আপন স্বার্থ হাসিল করতে গিয়ে দেশকে সর্বনাশের কিনারায় ঠেলে দিচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে শান্তি ও প্রগতির শক্তির ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে। এই লড়াইয়ে শুভশক্তির জয় হোক।

প্রীতি সম্মিলন উদ্বোধনের পর মুসলিম হল প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: প্রথম আলো
প্রীতি সম্মিলন উদ্বোধনের পর মুসলিম হল প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: প্রথম আলো

‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (১৯৮০-২০১৫) প্রতিকূল আবহে প্রদীপ্ত পথচলা’ শীর্ষক বক্তৃতায় কানাই দাশ বলেন, মানবতার শত্রু সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও দেশীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে এখনো নির্ভীক উচ্চারণ শোনা যায় ছাত্র ইউনিয়নের মঞ্চ থেকে।
সম্মিলন পরিষদের চেয়ারম্যান বালাগত উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব রিপায়ন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কোচেয়ারম্যান বাবুল দে, সদস্যসচিব শিহাব চৌধুরী বিপ্লব, সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও চট্টগ্রাম জেলা সংসদের বর্তমান সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব।
সম্মিলনে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নারীমুক্তি ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ২৯ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বিকেলে সম্মিলনের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।