গানে-আড্ডায় প্রাণবন্ত আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলার মিলনায়তনে। অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ‘জলের গান’-এর সদস্যরা  ছবি: প্রথম আলো
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলার মিলনায়তনে। অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ‘জলের গান’-এর সদস্যরা ছবি: প্রথম আলো

খেলাটা ছিল এক, দুই, তিন ও চার আঙুলের। আঙুলের কারসাজিতেই সিএ ভবনের দশম তলার মিলনায়তনে গতকাল সন্ধ্যায় বৃষ্টি নামাল গানের দল জলের গান। ‘বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদে এল বান’—তাদের এ গানের সঙ্গে মঞ্চে চলছিল দর্শকদের আঙুলের তুমুল কারসাজি—বৃষ্টির টুপটাপ আওয়াজ।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর পুনর্মিলনী উপলক্ষে গতকাল জলের গানের সংগীতের বৃষ্টিতে ভিজেছেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানের শুরু বিকেল সাড়ে পাঁচটায়। প্রথমেই ঝালমুড়ি ও ফুচকার আয়োজন। এক এক করে মিলনায়তনে আসছেন অতিথিরা। তাঁদের স্বাগত জানাচ্ছিলেন প্রথম আলোর কর্মীবাহিনী। চলছিল সেলফি উৎসব। কখনো আবার অনুষ্ঠানের উপস্থাপক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ডাকছিলেন তারকাদের—সব মিলিয়ে এক প্রাণবন্ত আয়োজন।
আর মিলনমেলার এ আয়োজনে হাজির হয়েছিলেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল ব্যক্তিত্বরা—অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী কাইয়ুম চৌধুরী, নাট্যজন রামেন্দু মজুমদার, জাদুশিল্পী জুয়েল আইচ, নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ অনেকেই। স্বয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তো ছিলেন আয়োজক হিসেবেই। এসেছিলেন চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের তারকারা। চলচ্চিত্রের রিয়াজ, শাকিব খান, মিশা সওদাগর যেমন এসেছিলেন, তেমনি টেলিভিশন তারকাদের মধ্যে শম্পা রেজা, মিতা চৌধুরী, তারানা হালিম, রোকেয়া প্রাচীসহ অনেকেই এসেছিলেন। পান্থ কানাই, কনা, এলিটা, আরেফিন রুমী, পূজাসহ সংগীতজগতের প্রতিনিধিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গল্প আর আড্ডায় সারাক্ষণ গোটা অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন তাঁরা।
শেষে ‘বকুল ফুল’ গানটি যখন দ্বিতীয়বার গাইলেন শিল্পীরা, তখন দর্শকেরা উঠে দাঁড়িয়ে গলা মিলিয়েছেন তাঁদের সঙ্গে। গানের শেষে ছিল ভুনা খিচুড়ি-মাংস ও পিঠা-মিষ্টান্নের আয়োজন। মিলনমেলা ভাঙার পরও তার রেশ রয়ে গেল তারকাদের আড্ডা আর গুঞ্জনের মধ্যে।