গানে আর কবিতায় জঙ্গিবাদের প্রতিবাদ

শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেশের সাংস্কৃতিক কর্মী ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ সাধারণ মানুষ প্রায় সাত কিলোমিটার পথ হাঁটলেন হাতির ঝিলের গুলশান প্রান্ত অবধি। তাদের কণ্ঠে ছিল গান আর কবিতার পঙ্ক্তিমালা।
‘মানবতা ও স্বদেশ ভাবনায় রুখে দাঁড়াও জঙ্গিবাদ’ স্লোগান নিয়ে এ প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। সারা দেশে বর্বর জঙ্গিরা হামলার প্রতিবাদে সামাজিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গান ও কবিতার মিছিলের আয়োজন করা হয়।
মাইকে বাজছিল দেশাত্মবোধক গান। কেউ কেউ ছাতা মাথায়, অনেকেই ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেন বেদির সামনে খোলা আকাশের নিচে। মাথায় বেঁধে নিলেন জাতীয় পতাকার ছাপ দেওয়া বন্ধনী। গলায় ঝুলিয়ে নিলেন হলি আর্টিজানে হামলায় নিহত ব্যক্তিদের ছবিসংবলিত ডিজিটাল বোর্ড। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বললেন, ‘এই দেশ জঙ্গিদের লীলাভূমি নয়। এই দেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে পরস্পরকে ভালোবেসে শ্রদ্ধা করে শান্তিতে বসবাস করছে।’
দেশাত্মবোধক নানান গান কণ্ঠে নিয়ে এগিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। টিএসসি, শাহবাগ, সোনারগাঁও হোটেল, হাতিরঝিল হয়ে গুলশান। পথের দুই পাশ থেকে অনেক লোক, বাসের যাত্রী হাত বাড়িয়ে তাঁদের প্রতি সমর্থন ও একাত্মতা জানান। মিছিলটি সাড়ে চারটা নাগাদ কারওয়ান বাজার রেলক্রসিং পেরিয়ে হাতিরঝিলে প্রবেশ করলে সেখানে বেড়াতে আসা তরুণ-তরুণীদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নিয়ে হাঁটতে থাকেন।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রতিবাদ মিছিল হাতিরঝিলের গুলশান প্রান্তে এলে পুলিশ আর সামনে না যেতে অনুরোধ করলে নেতারা ঝিলের পাশের চত্বরে পদযাত্রা সমাপ্ত করে সমাবেশের আয়োজন করেন।
আলোচনায় অংশ নেন নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, মফিদুল হক, রাখি দাশ পুরকায়স্থ, মোহাম্মদ সামাদ, ম. হামিদ প্রমুখ।