গানে ও কথায় মাদককে'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রীষ্মের খরতাপে বিকেলেও রোদের তেজ কমেনি। মঞ্চের সামনের চেয়ার ফাঁকা। প্রকৃতি ও কৃত্রিমতায় গড়ে ওঠা চট্টগ্রামের ফয়’স লেকের গাছের ছায়া খুঁজছে সবাই। কিন্তু ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী রিংকু গান ধরতেই আস্তে আস্তে মঞ্চের সামনে চলে এলেন দর্শকেরা৷ একসময় পুরো আয়োজন পরিণত হয় জমজমাট আসরে।
বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টের শুরুর চিত্র এমনটিই। এরপর গান আর কথামালায় মাদকের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন সবাই৷ আজ শুক্রবার ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্কে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলন এই কনসার্টের আয়োজন করে৷ সহযোগিতায় ছিল বাংলালিংক ও কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড। চ্যানেল আই ছিল সম্প্রচার সহযোগী। সার্বিক সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা ও এবিসি রেডিও।
আজকের আয়োজনে তরুণ-তরুণীদের উচ্ছ্বাসের কাছে রোদ বাধা হতে পারেনি। আইয়ুব বাচ্চু, রিংকু, ন্যান্সি, আসিফ আকবরদের গানের তালে তালে নেচে-গেয়ে কাটিয়ে দেন সারা বেলা। ‘ও সাথী, বেঁচে আছি কী মরে গেছি’ গানটি দিয়ে কনসার্ট শুরু করেন রিংকু। ‘নারী হয় লজ্জাতে লাল’ এবং ‘তোমার লেখা গান আমি গাইব’ গান দুটিও তিনি গেয়েছেন।
আসিফ আকবর মঞ্চে উঠেই জমিয়ে দিলেন। এস আই টুটুলের সুরে তিনি প্রথমে ধরলেন ‘বদলে যাও বদলে দাও’ গানটি। তারপর তাঁর জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি। পপগুরু আজম খানকে স্মরণ করে আসিফ গাইলেন ‘আলাল ও দুলাল’ গানটি। এরপর দর্শকদের সঙ্গে নিয়ে তিনি গেয়েছেন ‘শাবাশ বাংলাদেশ’ গানটি৷

এর আগে ন্যান্সি তাঁর ‘বাহির বলে দূরে থাকুক’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেন৷ তিনি ‘আমি তোমার মনের ভিতর’ এবং ‘পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা’ গান দুটিও গেয়ে শোনান৷

একসময় মঞ্চে আসেন অভিনয়শিল্পী নিপুণ। উপস্থাপক সাজু খাদেমের সঙ্গে নিপুণের খুনসুটি বেশ উপভোগ করেন দর্শকেরা৷ নিপুণের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই মাদককে না বলেন। নিপুণ বলেন, ‘মাদকমুক্ত থাকতে হবে আমাদের সবাইকে।’

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সদস্য মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল বলেন, ‘মাদক গ্রহণকারীকে চিকিত্সার আওতায় আনতে হবে। অভিভাবকদের সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যেতে হবে।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী বলেন, ‘বাঙালির মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে। আমাদের কর্মনিষ্ঠা আছে। কিন্তু শঙ্কা জাগে, যখন শুনতে পাই আমাদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তারাই তো দেশটাকে এগিয়ে নেবে। আমরা মাদকমুক্ত সমাজ চাই।’

বাংলালিংকের আঞ্চলিক প্রধান (বিক্রয়) ফরহাদ হোসাইন বলেন, ‘মাদক জীবন কেড়ে নেয়। আমরা সবাই মাদক থেকে দূরে থাকব। আমরা সবাই সুস্থ থাকব।’ কনকর্ডের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) এম সাজ্জাদ আলম বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে আমাদের সমাজ, আমাদের যুবকদের বাঁচাতে হবে। তারাই আমাদের দেশের ভবিষ্যত্।’

একপর্যায়ে সব শিল্পী একসঙ্গে মঞ্চে উঠে মাদককে ‘না’ বলেন। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকেরা। এলআরবির আইয়ুব বাচ্চু মাদক নিয়ে লম্বা একটি বক্তৃতাই দিয়ে ফেললেন। পরে বাচ্চু গাইলেন, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি। ‘বাংলাদেশ’ ও ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের দুটি নতুন গানও পরিবেশন করেন বাচ্চু। এর আগে মঞ্চ মাতিয়ে রাখে চিরকুট ব্যান্ড। ‘ধনধান্য পুষ্পভরা’ দেশাত্মবোধক গান দিয়ে পরিবেশনা শুরু করে চিরকুট। এরপর ‘বন্ধু তুমি’, ‘ওঝা’, ‘কানামাছি’ গান তিনটি গেয়ে শোনায়।