গানে, কবিতায় লাকী আখান্দ্ ও কাজী আরিফকে স্মরণ
প্রয়াত সংগীতশিল্পী লাকী আখান্দ্ ও আবৃত্তিশিল্পী কাজী আরিফকে গান ও কবিতায় স্মরণ করেছে একুশে পরিষদ নওগাঁ সরকারি কলেজ শাখা। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। লাকী আখান্দ্ ও কাজী আরিফের জীবন ও কীর্তি নিয়ে কথা বলেন কলেজের অধ্যক্ষ এস এম জিল্লুর রহমান, শিক্ষক এস এম মোজাফফর হোসেন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী, সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা রাসেল ও আবৃত্তি পরিষদ নওগাঁর সভাপতি ময়নুল হক।
দ্বিতীয় পর্বে কাজী আরিফ স্মরণে কবিতা আবৃত্তি করেন কলেজের শিক্ষক তামিম মাহমুদ সিদ্দিকী ও সাবরিন নাহার এবং ঐকতান কলেজ শাখার সভাপতি মহিবুল্লাহ পলক।
আবৃত্তি পর্ব শেষে লাকী আখান্দের গান পরিবেশন করেন সীমাহীন ব্যান্ডদলের শিল্পীরা। তাঁরা গেয়ে শোনান ‘আবার এল যে সন্ধ্যা’, ‘দেখা হবে বন্ধু’, ‘হঠাৎ করে বাংলাদেশ’, ‘কে বাঁশি বাজায় রে’ প্রভৃতি গান।
লাকী আখান্দ্ গত ২১ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে মারা যান। আবৃত্তিশিল্পী কাজী আরিফ ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।