গানে গানে অজিত রায়কে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান আর কথামালায় স্বাধীন বাংলা বেতারের শিল্পী অজিত রায়কে স্মরণ করল অভ্যুদয়ের শিল্পীরা। ৪ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে শিল্পীর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে অভ্যুদয় সংগীত অঙ্গন এ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সন্ধ্যার আয়োজন করে।
‘তোমার প্রেমে ধন্য কর’, ‘হে মহামানব...’ সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সভাপতি প্রদ্যুৎ মজুমদারের সভাপতিত্বে অজিত রায়ের ওপর আলোচনা করেন অধ্যাপক এ কে এম নাসিমুল কামাল। তিনি বলেন, অজিত রায় শুধু শব্দসৈনিকই নন, একজন রবীন্দ্রপ্রেমী ও সাধকও। তিনি সারা জীবন শুদ্ধ সংগীতের চর্চা করে গেছেন।’ কবি অরুণ দাশগুপ্ত বলেন, ‘অজিত রায় ছিলেন একজন নির্ভীক সুরসৈনিক। স্বাধীনতার আগে একসময় রবীন্দ্রসংগীত চর্চা নিষিদ্ধ ছিল। সে সময়ও তিনি নির্ভয়ে বিভিন্ন জায়গায় গান করেছেন। তাঁর এই ভূমিকা সত্যিই স্মরণীয়। আর স্বাধীন বাংলা বেতারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি শক্তি জুগিয়ে গেছেন সুরে সুরে।’
শহীদ-জায়া বেগম মুশতারী শফীও বাংলা সংগীতে এবং বাংলাদেশের প্রতি তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। কথামালার ফাঁকে ফাঁকে চলে রবীন্দ্রসংগীত ও অজিত রায়ের সুরে গান। রীপা পালিত শোনান ‘কত অজানারে জানো হে তুমি’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’সহ তিনটি গান। চন্দ্রিমা ভৌমিক ‘আমার মাথা নত করে’, ‘জীবন মরণ...’, ‘একটি বাংলাদেশ’। বাবলু চক্রবর্তী পরিবেশন করেন ‘জগতের আনন্দ যজ্ঞে’, ‘আমি তোমাকেই দেখি,’ ‘এই তো এই দেশ’। এ ছাড়া অতিথি শিল্পী আইরিন সাহা ও মুস্তফা কামাল দুটি করে গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর পাল ও পুরো অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন শ্রেয়সী রায়।