গানে গানে আর আলোচনায় মানবাধিকার সচেতনতা
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য..’, ‘আমায় এমন একটা মানুষ দাও, যার রক্ত সাদা...’—এমন সব গানের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকেরা কণ্ঠ মেলান। আগত অতিথি এবং এলাকাবাসীও উপভোগ করেন পুরো অনুষ্ঠান। শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার বিদ্যালয়ের মাঠে এক বিশাল মঞ্চে মানবাধিকারবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই বিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং জাতিসংঘ তথ্যকেন্দ্র ঢাকা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে মঞ্চে শুরু হয় মানবাধিকারবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম হোসেন ও জাতিসংঘ তথ্যকেন্দ্র ঢাকা কার্যালয়ের প্রধান কাজী আলী রেজা। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্র ঢাকা কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট কর্মকর্তা মো. মনিরুজ্জামান। আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।শুরুতেই মানবাধিকারবিষয়ক সচেতনতামূলক ও মনোমুগ্ধকর নাটিকা উপস্থাপন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন অলস্টার গ্রুপ নাটিকা পরিবেশন করে। এরপর আফতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুপা আক্তার, সপ্তম শ্রেণীর সুমি আক্তার ও শারমিন আক্তার দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।এই অনুষ্ঠান উপভোগ করতে সন্তানের সঙ্গে অভিভাবক মুজাহিদুর রহমান বিদ্যালয়ে আসেন। তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ির কাজের মেয়েকে ভবিষ্যতে বিদ্যালয়ে পাঠাবেন।বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরাও আনন্দিত। দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে মানবাধিকার রক্ষায় ও তা চর্চায় মানুষ আরও সচেতন হবে।’