গানে গানে কবি সুফিয়া কামালকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাতটা। বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সর্বস্তরের মানুষ উপস্থিত। বিশিষ্ট নাগরিকদের হাতে মোমবাতি জ্বলছে। সবাই গাইলেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে’।এমন বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার সূচনা হয় কবি বেগম সুফিয়া কামালের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। এরপর কবির প্রতিকৃতিতে বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বরিশালের ৭০টি সংগঠন নিয়ে গঠিত কবি বেগম সুফিয়া কামাল জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের ব্যানারে ওই অনুষ্ঠান হয়। এতে স্মারক বক্তৃতা পাঠ করেন কবি আসমা চৌধুরী।জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে শিক্ষাবিদ মো. হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন, এস আলী মোহাম্মদ, নারীনেত্রী পুষ্প রাণী গুহ, নূরজাহান বেগম, আক্কাস হোসেন, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, কবি বেগম সুফিয়া কামাল কেবল নারীমুক্তির জন্যই নয়, তিনি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সব আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। এ ছাড়া একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে নারী শিক্ষা ও নারীর মানবাধিকার রক্ষায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। এর আগে বিকেলে রচনা, আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।