গানে গানে দেশপ্রেমে জেগে ওঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার ছন্দে আর গানের সুরে সুরে দেশপ্রেমে জাগ্রত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার যশোরে হয়ে গেল জাগরণের গানের অনুষ্ঠান। ছিল জাগ্রত হওয়ার কথামালাও। যশোরে প্রথম আলো কার্যালয়ের সামনের চত্বরে বন্ধুসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর শাখা, বিবর্তন যশোর, সুরধুনী সংগীত নিকেতন ও উচ্চারণ এম এম কলেজের শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর যশোরের নিজস্ব প্রতিবেদক অশোক সেন ও ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’—সুরধুনী সংগীত নিকেতনের শিল্পীদের এই সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একে একে চলে কবিতা, গান আরা কথামালা। ‘একুশ’ শিরোনামে সংকলিত কবিতা আবৃত্তি করেন বিবর্তন যশোরের শিল্পীরা। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ ও ‘রক্তে আমার আবার...’ গান দুটি। ‘সালাম সালাম হাজার সালাম...’ গানটি পরিবেশন করেন উচ্চারণের শিল্পী সাইফুল ইসলাম।বন্ধুসভার বন্ধু শুভঙ্কর গুপ্তের প্রাণবন্ত উপস্থাপনায় জাগরণের কথামালায় ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে আটচল্লিশে প্রথম গুলিবর্ষণ হয় যশোরে।প্রবীণ রাজনীতিক কাজী আবদুস শহীদ বলেন, ভাষাসৈনিকদের যথাযথ সম্মান ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের শপথ নিতে হবে। এই শপথের মাধ্যমে সবাইকে নতুন করে জেগে উঠতে হবে।রাজনীতিক ইকবাল কবির বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলের নো ম্যান্স ল্যান্ডে দুই বাংলার জনগণ এক হয়ে দিবসটি পালন করে। কিন্তু সেখানে কোনো শহীদ মিনার নেই। তিনি সেখানে শহীদ মিনার স্থাপনের দাবি জানান।জাগরণের কথামালায় আরও অংশ নেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুরাইয়া শরীফ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক অনিল বিশ্বাস, শিক্ষাবিদ তারাপদ দাস, যশোর বন্ধুসভার সভাপতি ইকবাল হোসেন, মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ।