গানে গানে নারীর প্রতি সহিংসতাকে ‘না’
খাঁখাঁ রোদ উপেক্ষা করে তরুণ-তরুণীরা ছুটে যাচ্ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের দিকে। দেশের প্রখ্যাত সব ব্যান্ডশিল্পীর সংগীতে প্রতিধ্বনিত হচ্ছিল নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলার অঙ্গীকার। আর তাতেই একাত্ম হয়ে উঠেছিল তরুণ প্রজন্ম।গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে চলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে লাইভ কনসার্ট। ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ স্লোগানে ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিউজিক্যাল ব্যান্ডস (বামবা) যৌথভাবে কনসার্টটির আয়োজন করে। এই কনসার্টে গান পরিবেশন করে বামবার ১৩টি ব্যান্ড। গতকাল গান পরিবেশন করতে প্রথমে মঞ্চে ওঠে ব্যান্ড বেদুঈন। তারা গান পরিবেশন করে মোট পাঁচটি। বেদুঈনের পর একে একে গান পরিবেশন করে পাওয়ারসার্জ, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট। দুপুরের প্রচণ্ড রোদের মধ্যেও তরুণদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছলতা। মঞ্চে উঠে ক্রিপটিক ফেইট গান করে ‘প্রতিবাদ’, ‘ভবঘুরে’, ‘কীভাবে তুমি আমাকে তুমি বলবে’ শিরোনামে মোট পাঁচটি গান। কিছুক্ষণ পরই শ্রোতাদের মাতিয়ে তুলতে মঞ্চে ওঠে ফিডব্যাক ও প্রমিথিউস। ফিডব্যাক ব্যান্ড গেয়ে শোনায় ‘ফিরো এসো এই অন্তরে’, ‘আয় আয় আয়রে আয়, আমরা সবাই মেলায় যাই,’ ‘আজ বেলা শেষে যদি খেলা ভাঙে’, ‘উদাসীন এই মন’। সন্ধ্যার পর অনুষ্ঠান হয়ে ওঠে আরও জমজমাট। শ্রোতাদের নাচে-গানে মাতিয়ে রাখেন ব্যান্ডের সদস্যরা। কনসার্টের মূল আকর্ষণ হিসেবে একসঙ্গে মঞ্চে উঠে আসেন আয়োজক ইউএনএফপিএ ও বামবার সদস্য এবং সব ব্যান্ডের সদস্যরা। সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। মঞ্চে উঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে জীবনের সব ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে আহ্বান জানান ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন, বামবার সভাপতি হামিন আহমেদ, এলআরবির সদস্য আইয়ুব বাচ্চু। আফছারুল আমীন বলেন, নারীর প্রতি হিংসাত্মক আচরণ বন্ধ করুন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইভ টিজিং বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। বারো আউলিয়ার দেশ সর্বোপরি যে চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, সেখান থেকেই আগে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ হোক। ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘কনসার্টে উপস্থিত থেকে আমাদের এই লক্ষ্যকে বাস্তবে রূপায়ণ করতে সহায়তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। নিজের স্ত্রী, বান্ধবীসহ সব নারীর প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সত্যিকারের পুরুষ হোন।’ বামবার সভাপতি হামিন আহমেদ দর্শক-শ্রোতাদের সবাইকে হাত তুলে নারীর প্রতি সব ধরনের সহিংসতাকে ‘না’ বলতে শপথ করান। তখন উপস্থিত সবাই হাত তুলে সমস্বরে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলে। অতিথিরা মঞ্চ থেকে নামার পর গান পরিবেশন করতে ওঠে নেমেসিস। নেমেসিসের জোয়াদ পরিবেশন করেন তিনটি গান। এর পরই মঞ্চে ওঠে এলআরবি। জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু মাতিয়ে তোলেন ‘আমার অচেনা এই মন’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানগুলো গেয়ে। এরপর রাত পর্যন্ত আরও গান পরিবেশন করে জনপ্রিয় সব ব্যান্ড ওয়ারফেইজ, অর্থহীন, নগর বাউল ও মাইলস।