গানে গানে প্রচারণা
প্যারোডি গান বেঁধে সেগুলোর রেকর্ড বাজিয়ে বাজিয়ে নির্বাচনী প্রচারণা চলছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায়। পুরোনো মাইকিং পদ্ধতির চেয়ে ভোট চাওয়ার এ পদ্ধতি এলাকার ভোটাররাও বেশ আমোদপ্রদ বলে মনে করছেন।
জনপ্রিয় গানগুলোর সুর ঠিক রেখে কথাগুলোর জায়গায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ও গুণগান বসিয়ে শিল্পীদের দিয়ে গান করিয়ে এমপি-থ্রি রেকর্ডিং বা মেমোরি কার্ডে সেগুলো ধারণ করা হয়েছে। তারপর মাইকিং করে বা মুঠোফোনে বাজিয়ে রিকশা বা অটোরিকশায় মাইকিং করে প্রচারণা চলছে।
পৌরসভার ভেলাতৈড় গ্রামের ভোটার সহিরউদ্দীন বলেন, ‘এবার গানের ক্যাসেট বাজানো হচ্ছে। গান শোনার তালে তালে মার্কা আর প্রার্থীর কথাও শুনতে পাচ্ছি। বিরক্ত লাগে না।’
এখানে প্রধান তিন দলের প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কশিরুল আলম, বিএনপির রাজিউর রহমান রাজু এবং জাতীয় পার্টির (এ) গোলাম হোসেন।
বিএনপির প্রার্থী রাজিউর রহমান বলেন, প্যারোডি গানে প্রচারনা ভোটারদের কাছে সমাদৃত হচ্ছে।
জাপার গোলাম হোসেন বলেন, ‘আমার প্যারোডি গানটা সুর দেওয়া হয়েছে “আছেন আমার মোক্তার” গানের সুরে।’
আওয়ামী লীগের কশিরুল আলম বলেন, ‘গানের সুরে ভোট চাওয়ায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে।’