গানে গানে প্রচারণা বেশ সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে চলছে প্রার্থীদের পক্ষে সরব প্রচারণা। জনপ্রিয় সব গানের প্যারোডি করে মাইকযোগে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে। তবে বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করছেন নগরবাসী।

তাঁদের অভিমত, বিগত নির্বাচনগুলোতে মাইকের মাত্রাতিরিক্ত শব্দদূষণে কান ঝালাপালা হতো। এ ক্ষেত্রে গানের সুরে সুরে ভোট চাওয়ার পদ্ধতি যেমন অভিনব, তেমনি বিরক্তহীন।

সরেজমিনে দেখা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থনে বেলা দুইটার পর থেকে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে। এ সময় অধিকাংশ প্রার্থীর প্রচারণায় বিভিন্ন সংগীতশিল্পীর জনপ্রিয় গান প্যারোডি করে ভোট চাইছেন। গতকাল বুধবার বেলা ১১টায় নগরের লামাবাজার এলাকায় কথা হয় এক কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থনে মাইকিং বের করা তানবীর হোসেনের সঙ্গে।

তানবীর বলেন, ‘বাউলসম্রাট শাহ আবদুল করিমের “বন্ধে মায়া লাগাইছে” গানটি প্যারোডি করে “...ভাইয়ে মায়া লাগাইছে, ...প্রতীক পিরিতি বাড়াইছে” গানটি গেয়েই প্রার্থীর পক্ষে ভোট চাই। এতে ভোটারদের সাড়াও পাচ্ছি বেশ।’

নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, তিনজন মেয়র পদপ্রার্থীর পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৬৯ জন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ১৩৪ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী এবং ৩৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী। এসব প্রার্থীর অধিকাংশের সমর্থনে গানের সুরে সুরে প্রচারণা চালানোর বিষয়টি সরেজমিনে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার রাত নয়টার মধ্যেই মাইকযোগে প্রচারণার কাজের শেষ সময় বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রচারণার এ ধরনটি ‘অভিনব ও শ্রুতি-সুখকর’ আখ্যায়িত করে নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর প্রথম আলোকে বলেন, ‘অতীতে মাইকের মাত্রাতিরিক্ত শব্দে নগরবাসী চরম উৎপাত অনুভব করতেন।

আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে মুষ্টিমেয় কয়েকজন প্রার্থী গানের সুরে প্রচারণা চালানো শুরু করার পর তাঁদের অনুসরণ করে প্রায় সবাই এ রকম প্রচারণা শুরু করে দিয়েছেন। এতে নগরবাসী শব্দদূষণ থেকে মুক্তি পেয়েছেন