গানে গানে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে’, ‘ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা’, ‘আজ দিকে দিকে ফিসফাস ষড়যন্ত্রের কথা শুনতে পাই’—এমন সব প্রতিবাদী গানের মাধ্যমে ঢাকায় লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বরিশালের সংস্কৃতিকর্মীরা।
গতকাল বুধবার বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের এক বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। নগরের অশ্বিনীকুমার হলের সামনে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সহসভাপতি নূরজাহান বেগম, খেলাঘরের জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে, সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি আক্কাস হোসেন, সেক্টর কমান্ডার ফোরাম বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক কাজল ঘোষ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার, নারীনেত্রী নিগার সুলতানা, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।