
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির গাওয়া গান যখন শিল্পীরা গাইছিলেন, তখন শিল্পীদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মিলনায়তনভর্তি দর্শক। মোহাম্মদ রাশেদ ও অনিন্দিতা সেনগুপ্তা ছড়ালেন সুরের আবেশ। ৬ এপ্রিল সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দ্য পিসফুল মিউজিশিয়ান টিমের উদ্যোগে ‘গানে গানে হারানো দিনে’ শিরোনামে আয়োজন করা হয় সংগীতসন্ধ্যার। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ওস্তাদ মিহির লালা। অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেন গুপ্ত, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন ও প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম। আসরে সব মিলিয়ে শিল্পীরা পরিবেশন করেন ১৯টি গান।
শিল্পী মোহাম্মদ রাশেদ গাইলেন মোহাম্মদ রফির গাওয়া গান ‘তোমাদের আশীর্বাদের, এই শতদল মাথায় রাখি’। এই গানটি শুনিয়ে তিনি জয় করে নিলেন দর্শকদের মন। এরপর শিল্পী অনিন্দিতা সেনগুপ্তা গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া গান ‘না, মন লাগে না’। তাঁর কণ্ঠে গানটি সুরের উষ্ণতা ছড়ায় মিলনায়তনে। শিল্পীরা একে একে গাইলেন ‘পাখিটার বুকে’, ‘হায়রে পোড়া বাঁশি’, ‘রঙ্গিলা বাঁশিতে’, ‘চাহুঙ্গা ম্যায় তুঝে’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘লাগ যা গালে’, ‘বাহারো ফুল’, ‘নীলা আসামান’, ‘ও দূর কি মুসাফির’, ‘আজারে পরদেশি’, ‘ক্যায়া হুয়া’সহ বেশ কিছু গান।
সবশেষে মোহাম্মদ রাশেদ গাইলেন ‘ও দুনিয়াকে রাখওয়ালে’ গানটি। আসরে সহশিল্পী ছিলেন উর্মিলা মল্লিক ও সহদেব সূত্রধর। অনুষ্ঠানে কি–বোর্ড অসীম চন্দ, তবলা রাজীব নন্দী, অক্টোপ্যাড দোলন মিত্র ও বিপ্লব দাশ, বেজ গিটার এস এম শাহজাহান, পারকিউশন সজল ভট্টাচার্য, লিড গিটার কমল চক্রবর্তী এবং বাঁশি বাজান বিকাশ দাশ।