গানে গানে বাউল শাহ আবদুল করিমকে স্মরণ

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে; কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছাইড়া যাইবা যদি; মায়া লাগাইছে বন্দে পরিতি শিখাইছে—বাউলসাধক শাহ আবদুল করিমের লেখা কালজয়ী এসব গানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়েছে।
বাউলসাধক শাহ আবদুল করিম স্মরণে নোয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব। গতকাল শুক্রবার চৌমুহনী শহরে শহীদ মিনার চত্বরে এই সাধকের জন্মশতবার্ষিকী উৎসব শুরু হয়।
বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল। শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝুনা চৌধুরী ও মো. মাহবুবুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালন করেন আবুল ফারাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শাহ আবদুল করিমের লেখা বাউলগান, গণসংগীত ও সমবেত নৃত্য পরিবেশ করেন শিল্পী শান্তা সরকার, আরিফ রহমান, কাননবালা সরকার, বেলাল হোসেন, শাহনাজ বাবু, চন্দনা মজুমদারসহ অর্ধশতাধিক শিল্পী।