গানে গানে বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদী গান ও কবিতায় উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের রওশন আলী মঞ্চে উদীচী ট্র্যাজেডির ১৬ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই দাবি ওঠে।
টাউন হল মাঠে নির্মিত উদীচী ট্র্যাজেডি স্তম্ভে ১০ শহীদের স্মরণে ১০টি মশাল জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
‘ঝরেছে রক্ত, ঝরুক রক্ত, আমরা হারবো না/ সাথীদের খুনে রাঙা রাজপথ আমরা ছাড়বো না’ স্লোগানে রওশন আলী মঞ্চে বিচার দাবির আলোচনা, প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করা হয়। আলোচনা সভায় যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনাকে যারা বিশ্বাস করে না, তারাই সেদিন উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল। উদীচী হত্যার বিচার চাই, বিচার কেন হচ্ছে না? এসব কথা বলতে বলতে আমরা ক্লান্ত। ক্ষুব্ধ।’
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কাজী আবদুস শহীদ, আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি সুরাইয়া শরীফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি হারুন-অর-রশীদ, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ।
সকালে সংগঠন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, পরে প্রতিবাদী মিছিল ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর কেন্দ্রীয় সম্মেলনে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত হন।