গানে গানে মরমি কবি রাধারমণ স্মরণ
মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুর শতবার্ষিকীর স্মরণ উৎসব। সুরমা নদীর কোল ঘেঁষে মাঠ। মাঠে বিশাল মঞ্চ। মাঠভর্তি মানুষ। ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। হাজারো মানুষ অপেক্ষায়। কখন মঞ্চে আসবেন ‘দোহার’ ব্যান্ডদলের সদস্যরা। একসময় মঞ্চে আসেন তাঁরা। তাঁদের টানা দুই ঘণ্টার মনমাতানো পরিবেশনায় মুগ্ধ সুরমাপারের শ্রোতা-দর্শকেরা।
রাধারমণ দত্তের জন্মভূমি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুরে গত রোববার এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরের দুই দিন উৎসব হয় সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে। গত মঙ্গলবার ছিল উৎসবের শেষ দিন। সমাপনী আয়োজনের মূল আকর্ষণ ছিল ভারতীয় লোক ব্যান্ড ‘দোহার’।
সন্ধ্যায় শুরু হয় সমাপনী আলোচনা। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন কবি ও গবেষক মোহাম্মদ সাদিক, অধ্যাপক নন্দলাল শর্মা, নারীনেত্রী শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক দেবজিৎ সিংহা, সদস্যসচিব শামছুল আবেদীন।
আলোচনার পর শুরু হয় রাধারমণের গান। রাত নয়টায় মঞ্চে ডাকা হয় দোহার ব্যান্ডদলের সদস্যদের। একসময় মাইক্রোফোন হাতে নেন দোহারের কালিকা প্রসাদ। ‘এই মাটির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। জন্মের সম্পর্ক। এই হাওর এলাকা লোকগানের খনি। আমরা দিতে নয়, নিতে এসেছি।’ এটা কালিকা প্রসাদের বিনয়। উৎসব রাধারমণের হলেও তাঁরা স্মরণ করেন এ জনপদের সব বাউল, কবি ও সাধককে।
একে একে দোহারের সদস্যরা গেয়ে শোনান রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া/ শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া...’, ‘রাই গো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া...’, ‘নদীর কূল পাইলাম না...’; শাহ আবদুল করিমের ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়...’; হাসন রাজার ‘লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার...’, ‘হাসন রাজায় কও আমি কিছু নয় রে/ আমি কিছু নয়...’ শীর্ষক গান।
সমাপনী বক্তৃতায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘মরমি সাধক রাধারমণ দত্তকে নিয়ে এত বড় আয়োজন আর হয়নি। আমরা খুশি, তিন দিনের উৎসবের মাধ্যমে আমরা রাধারমণকে মানুষের ভাবনায় ঢুকিয়ে দিতে পেরেছি। এখন তাঁর সৃষ্টি ও দর্শনের চর্চা বাড়াতে হবে।’