
গতকাল রোববার ৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের শেষ দিনে সদ্য একুশে পদকপ্রাপ্ত মফিদুল হক বললেন রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার কথা। জানালেন কী বিশাল কর্মোদ্যোগ রবীন্দ্রনাথ নিয়েছিলেন শিক্ষাকে আনন্দময় করতে।
সকালের সেমিনারে ‘শিক্ষা-চিন্তক ও শিক্ষা-কর্মী রবীন্দ্রনাথ: সমকালীন তাৎপর্য’ শীর্ষক প্রবন্ধে মফিদুল হক বললেন, স্কুলের রুটিন মাফিক পড়াশোনায় শিশুমন ও তার সৃজনশীলতায় কী রকম বাধা পড়ে, সেটা ছেলেবেলাতেই বুঝে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। মাটির সংযোগহীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপরে তাঁর অনাস্থা চলে এসেছিল। পরে তিনি প্রতিষ্ঠা করেন ভিন্নধারার শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। শান্তিনিকেতনের শিক্ষায় রবীন্দ্রনাথ মানুষকে প্রকৃতির কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। বিজ্ঞানশিক্ষার পাশাপাশি তিনি দিতে চেয়েছিলেন চিত্তের শিক্ষা।
অন্যদিকে শ্রীনিকেতনের শিক্ষা ছিল অধিকাংশে ব্যবহারিক, এবং সেটাও প্রকৃতিকে ঘিরেই। গ্রামের উন্নয়নের জন্য ছিল এ শিক্ষা। শ্রীনিকেতনের অধীনে ‘শিক্ষাসত্র’ বিদ্যালয়ে পড়াশোনা করত মূলত গ্রামের ছেলেমেয়েরাই।
মফিদুল হকের প্রবন্ধের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের (পটুয়াখালী) সহসভাপতি সৌমেন্দ্র লাল চন্দ ও পটুয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম নুরুল ইসলাম। সভাপতি ছিলেন সন্জীদা খাতুন।
সেমিনারের পরপরই যাই রবীন্দ্রনাথের আঁকা ছবির অনুলিপি দেখতে। মূল আয়োজনস্থল শেখ রাসেল শিশুপার্কের এক কোনায় প্রদর্শিত হচ্ছিল সেগুলো। স্থানীয় স্কুলে নবম শ্রেণিপড়ুয়া রিয়াজুল ইসলাম দেখছিল ছবিগুলো। প্রশ্ন করি, স্কুলের পড়াশোনা ভালো লাগে?
স্মিত হাসিতে রিয়াজুলের উত্তর, ‘একদমই না। সারা দিন মুখস্থ পড়া পড়তে কার ভালো লাগে?’ সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করা লাগে?
রিয়াজুল বলে, ‘সৃজনশীলের প্রশ্নের উত্তরও গাইডবই কিনে আগে থেকে মুখস্থ করতে হয়।’
রিয়াজুল তো প্রচলিত ব্যবস্থায় বাধ্যই হচ্ছে মুখস্থ করতে। রবীন্দ্রনাথ কিন্তু এটা চাননি। একটু আগে সন্জীদা খাতুন যেমন বলছিলেন রবীন্দ্রনাথের কথা, চাদরের ভাঁজে নকল নিয়ে গেলে হেনস্তা হতে হয়। কিন্তু মগজের ভাঁজেও তো নকল নেওয়া যায়। সেটা কি ঠিক শিক্ষা?
সেমিনারের পর দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে হয় সারা দেশ থেকে আসা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিনিধিদের সম্মেলন। শিল্পী মুস্তাফা মনোয়ারের নেতৃত্বে হয় চিত্রাঙ্কন কর্মশালা। বিকেলে শিশুপার্কে আয়োজিত হয় সমাপনী অধিবেশন। বিগত বছরে চলে যাওয়া গুণী মানুষদের জন্য শোক প্রস্তাব, সম্মেলনের সাধারণ প্রস্তাবাবলি ও ঘোষণা পাঠের পর দেওয়া হয় রবীন্দ্রপদক। এবার পদক পেলেন শিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্ত। জানালেন তাঁর অনুভূতি, ‘যে ভালোবাসায় আপনারা আমাকে অভিসিক্ত করেছেন, তাতে আমার দ্বিতীয় জন্ম হলো।’ এ সময় তিনি স্মরণ করলেন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী ও শিক্ষক ওয়াহিদুল হককে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলন পরিষদের পটুয়াখালী শাখার সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। প্রধান অতিথি মুস্তাফা মনোয়ার বলেন, ‘মুক্তচিন্তা হলো মনুষ্যত্ব বিকাশের সর্বোচ্চ পথ। অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা না থাকলে পৃথিবীকে টেকানো যাবে না। কাজের মানুষ ভালো সংসার করতে পারে, কিন্তু সমাজ-রাষ্ট্র-পৃথিবীকে কিছু দিতে পারে না। সেটা দিতে পারে ‘অকাজের’ সংগীত, চিত্রকলাই।’
সভাপতি সন্জীদা খাতুনের বক্তব্য শেষে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় সন্ধ্যার সংগীতানুষ্ঠান। ‘আমি রূপে তোমায় ভোলাব না’ দিয়ে শুরু করে একের পর এক গান চলতে থাকে প্রায় মধ্যরাত পর্যন্ত। মাঝে ছিল কণ্ঠশীলনের‘গান্ধারীর আবেদন’ পরিবেশনা। দীর্ঘ সময় ধরে প্রচুর দর্শক শুধু গান শুনতে এসেছিলেন এখানে। এটাই আশাবাদী করে তুলেছে আয়োজকদের। বিকেলে মুস্তাফা মনোয়ার যেমনটা বলছিলেন, ‘সবাই এই তিন দিনে অনেক কথা, অনেক গান শুনেছেন। কথা হয়তো ভুলে যাবেন, কিন্তু গান নিশ্চয়ই আপনাদের মনে থাকবে।’