গানে গানে মোতালেব হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা গণসংগীত পরিবেশন করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিভাগের সামনে ‘লিপু চত্বরে’ এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে না পারায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন। এ সময় অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে একাত্মতা জানান।
মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান প্রথম আলোকে বলেন, ‘তদন্তে ভালো অগ্রগতি হয়েছে। রিমান্ডে মোতালেবের রুমমেট মনিরুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য হত্যার রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে বলে আশা করছি।’
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেবের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে মোতালেবের চাচা বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় মোতালেবের রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।