গানে গানে যৌন নিপীড়নকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দিকে দিকে ফিসফাঁস ষড়যন্ত্রের কথা শুনতে পাই/জাগো নারী জাগো বহ্নি শিখায়/নোঙর তোল তোল সময় যে হলো হলো/হে মহামানব একবার এসো ফিরে এই গ্রাম নগরের ভিড়ে—এমন নানা গানে উদীচী শিল্পীগোষ্ঠী পয়লা বৈশাখে নারীদের নিপীড়নের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে।
গতকাল সোমবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে উদীচী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখানেই গানে গানে যৌন নিপীড়নকারীদের বিচারের দাবি করা হয়।
উদীচী বরিশাল জেলার সভাপতি বিশ্বনাথ দাশ মুনশীর সভাপতিত্বে সমাবেশে খেলাঘর বরিশাল জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি মো. সামসুদ্দিন আহম্মেদ, প্রান্তিক সংগীত বিদ্যালয়ের সভাপতি ও সুজন সভাপতি আক্কাস হোসেন, খেয়ালী গ্রুপ থিয়েটারের সহসভাপতি সৈয়দ গোলাম মাসউদ, নাট্যব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস, নারীনেত্রী নিগার সুলতানা ও ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শারমিন জাহান বক্তব্য দেন।
বক্তারা বলেন, নিপীড়নকারীদের পক্ষে পুলিশ এখন সাফাই গাওয়ার চেষ্টা করছে। তারা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি নিপীড়নের ঘটনায় বিচার চাইতে গিয়ে নারী শিক্ষার্থীরা তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। নারী নিপীড়নকারী ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে মৌলবাদী চক্রের উত্থান ঘটানোর জন্যই মুক্তচিন্তার লেখকদের হত্যা করা হচ্ছে। এই হত্যাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। অবিলম্বে ব্লগারদের হত্যাকারীদের ও নারী নিপীড়নকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।