গানে গানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের লেখা ‘আমি বাংলা মায়ের ছেলে/ জীবন আমার ধন্য যে হায়/ জন্ম বাংলা মায়ের কোলে’ শীর্ষক গানটি যখন মঞ্চে উঠে বাউলেরা গাওয়া শুরু করলেন, তখন উপস্থিত কয়েক শ দর্শকও তাতে কণ্ঠ মেলান। এভাবেই শিল্পীদের পরিবেশিত প্রতিটি গানের সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এ দৃশ্য ছিল বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার গতকাল বুধবার এভাবেই উদ্বোধন করা হয়। ‘তৌহিদি জনতা’র মিছিল থেকে গত বছরের ২২ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাঙচুর চালিয়েছিল বিক্ষোভকারীরা। এরপর অর্থমন্ত্রীর উদ্যোগে এটি পুনর্নির্মিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের যৌথ ব্যবস্থাপনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে তিনি পায়রা উড়িয়ে শহীদ মিনারের উদ্বোধনী ফলক উন্মোচন করে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌনে সাতটায় শুরু হয় সুধী সমাবেশ। এ পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের অন্যতম উদ্যোক্তা সদর উদ্দিন আহমদ চৌধুরী। সঞ্চালন করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, শিল্পী সুবীর নন্দী, শুভ্র দেব, সেলিম চৌধুরী, বাউল আবদুর রহমান প্রমুখ গান পরিবেশন করেন।