গানে ছবিতে আলোচনায় কাইয়ুম চৌধুরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে গতকাল শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণসভায় তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে গতকাল শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণসভায় তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান l প্রথম আলো

না থেকেও তিনি ছিলেন আয়োজনের মধ্যমণি হয়ে। দেয়ালে ঝুলছিল তাঁর আঁকা ছবি। মঞ্চে তাঁর প্রতিকৃতি। কথা হলো তাঁকে নিয়ে, গাওয়া হলো তাঁর প্রিয় গান। গত ৩০ নভেম্বর আচমকা মৃত্যু এসে নিয়ে গেছে তাঁকে। আলোকিত মঞ্চ থেকে চির অন্ধকারে, শব্দ থেকে নৈঃশব্দের জগতে।
বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মরণসভায় তাঁর এই আচমকা চলে যাওয়ার প্রসঙ্গটিই ঘুরেফিরে আসছিল আলোচনায়। অধ্যাপক আনিসুজ্জামান বলছিলেন, ‘মৃত্যু তো অনিবার্য। অনেকেই বলেছেন, এ রকম মৃত্যুই বরং ভালো। নিজেও কষ্ট পেলেন না, কাউকে কষ্টও দিলেন না। তবু যাঁরা রয়ে গেলেন, তাঁর এই আকস্মিক চলে যাওয়ার মনবেদনা তাঁদের দূরীভূত হওয়ার নয়।’
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল গ্যালারিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় এই স্মরণসভার শুরুতে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কাইয়ুম চৌধুরীর জীবন ও কাজ নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। গ্যালারিতে প্রদর্শন করা হয় শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা ৩৭টি শিল্পকর্ম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, কাইয়ুম চৌধুরী শুধু বড় মাপের শিল্পীই ছিলেন না, বড় মাপের মানুষও ছিলেন। গণতান্ত্রিক, ন্যায়পরায়ণ দেশের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজও করেছেন। তাঁর শিল্পকর্মে রঙের মনোহর ব্যবহার, প্রাণের স্ফূর্তি তাঁকে বিশিষ্ট করেছে। কাজের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।
এরপর কাইয়ুম চৌধুরীর প্রিয় কয়েকটি গান। রবীন্দ্রনাথ, নজরুল ও অতুল প্রসাদের তিনটি করে গান গেয়েছেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী, লাইসা আহমদ লিসা, তানিয়া মান্নান ও শারমিন সাথী ইসলাম।
সমাপনী আলোচনায় শিল্পী রফিকুন নবী দীর্ঘদিনের স্মৃতিচারণা করে বলেন, তিনি ছিলেন আমাদের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। শুধু ছবি আঁকাই নয়, সাহিত্য, কবিতা, সংগীত, চলচ্চিত্রসহ শিল্পের সব বিষয়ে তাঁর আগ্রহ ছিল প্রবল। নিজেকে সমৃদ্ধ করে তুলেছিলেন। ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। ছিলেন আমাদের রুচির নির্মাতা। প্রতিনিয়তই তিনি আমাদের স্মরণে থাকবেন।