
কখনো ধ্রুপদ সংগীত আবার কখনো জীবনমুখী গান শুনিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করলেন শিল্পী রাজেশ সাহা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিল্পী সুহৃদ সংঘের উদ্যোগে এই সংগীতের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন দাশ। কংকন দাশ ও বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তপু বড়ুয়া। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম আর্য সংগীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
কথামালায় আবুল মোমেন বলেন, বর্তমানে ধর্মীয় উগ্রবাদ এবং বাজার অর্থনীতির যুগে সংগীতসাধনার পথ ক্ষীণ হয়ে এসেছে। সংগীত হচ্ছে জাতির আত্মা। আর এ আত্মা এখন মৃতপ্রায়।
হংসধ্বনি রাগের মধ্য দিয়ে আসর শুরু করেন শিল্পী রাজেশ সাহা। এরপর শিল্পী পরিবেশন করেন নজরুলের চারটি গান। দর্শকপ্রিয়তা পায় রাগপ্রধান গান ‘মোহন বাঁশি বাজে’, ‘আহা ও দিকে নিমাই চলে মুখে হরি হরি বলে।’
আসরে রাজেশ সাহা ভূপেন হাজারিকার গাওয়া ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ গানটি শুনিয়ে মুগ্ধ করেন সবাইকে। শিল্পী মোট ১৫টি গান পরিবেশন করেন। প্রতিটি গান হৃদয় ছুঁয়ে গেছে। দেড় ঘণ্টার জমজমাট এই আসর উপভোগ করেছেন প্রায় শ তিনেক মানুষ। আসর শেষ হয় ভূপেন হাজারিকার ‘দোলা, হে দোলা, হে দোলা’ গানটি পরিবেশনের মাধ্যমে।