গানের পর অভিনয়টা হলো না আর
বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছিল। পর পর দুটি পল্লিগীতি গান গেয়ে আসনে গিয়ে বসে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইয়্যেব আল শাহাব (১২)। গানের পর্ব শেষে শুরু হয় একক অভিনয়।
অভিনয়ের মহড়া দিতে মা ডাকলেন, ‘আয় বাবা অভিনয় কর।’ তাতে কোনো সাড়া দেয়নি সাইয়্যেব। কাছে গিয়ে গা ধরতেই আসনে ঢলে পড়ে শিশুটি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। সাইয়্যেবের মা খাদিজা বেগম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা ফজলুল হক উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ব্যবহারিক শিক্ষক। বাড়ি বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সাইয়্যেবের আকস্মিক চলে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আখতার-উজ-জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।