গানের ফেরিওয়ালা
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে জনা কুড়ি লোকের জটলা। মাঝখানে একটা ব্যানারে মান্না দে, লতা মঙ্গেশকর, মোহাম্মাদ রফি, মেহদি হাসানদের মতো স্বনামখ্যাত গাইয়েদের ছবি। পাশে মাঝবয়সী এক ব্যক্তি কলের গানের রেকর্ড হাতে দাঁড়িয়ে।
‘গান বাজতেছে এখানে, কিন্তু মনে হবে কোন দূর দেশ থেকে গানের সুর ভেসে আসে। কলের গান বাজবে এখন মোবাইল, ল্যাপটপ, টিভিতে...’ বলে যাচ্ছিলেন রেকর্ড হাতে দাঁড়ানো বিক্রেতা মজিবর রহমান। কলের গানের রেকর্ডের সঙ্গে তাঁর হাতে ধরা ছোট একটা মাইক্রোচিপের প্যাকেট। হারানো দিনের গান আর সিনেমা সংগ্রহ রাখা আছে সেই চিপে। ‘তাহলে কলের গানের রেকর্ড কেন হাতে?’ মজিবর বলেন, ফার্স্ট প্রিন্ট গ্রামোফোন রেকর্ড থেকে গানগুলো মাইক্রোচিপে তোলা হয়েছে। সেটা বোঝাতেই রেকর্ড হাতে বিজ্ঞাপন করছেন।
একটা লিফলেট ধরিয়ে দিলেন। তাতে গায়ক-গায়িকাদের তালিকায় আছে সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মাহমুদুন্নবীসহ ঢাকা-কলকাতার অনেক শিল্পীর নাম। মাইক্রোচিপের চলচ্চিত্রের তালিকায় আছে পাকিজা, অমানুষ, মাদার ইন্ডিয়াসহ ১০টি চলচ্চিত্রের রঙিন সংস্করণ। গান আর সিনেমা মিলে পুরো প্যাকেজ ‘হাওয়া-ই বাংলা’। তাঁর দাবি, থ্রিডি প্রযুক্তিতে সাউন্ড ডিজাইন করা হয়েছে, তাই মনে হবে হাওয়ায় ভেসে আসছে শব্দ-সুর। এ জন্য এমন নাম। ১৬ ও ৮ গিগাবাইট ডাটা ধারণক্ষমতাসম্পন্ন দুই ধরনের মাইক্রোচিপের দাম যথাক্রমে ৫৮০ ও ৩৮০ টাকা।