গানের সুরে, ঢোলের বোলে নবান্ন উৎসব

তখন পাখপাখালির ঘুম ভেঙেছে, তবে শিশিরভেজা গাছপালার পাতায় লাগেনি রোদের ছোঁয়া। এমন সময় গানের সুর, ঢোলের বোল। মঞ্চে ঢেঁকি, কুলা আরও কত কী! নিরিবিলি সকালে আচমকা এই শব্দাবলি শোরগোল তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গাছগুলোর নিত্যদিনের বাসিন্দা পাখিগুলোর মাঝে। ডানা মেলে তারা ছাড়তে বাধ্য হয় রাতের আশ্রয়। আর এক-দুই করে করে সেই গাছতলায় এসে উপস্থিত হতে শুরু করেন শিল্পী ও শ্রোতারা। জাতীয় নবান্ন উৎসবের শুরুটা এভাবেই হয়েছিল গতকাল রোববার চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায়।
ঝলমলে রোদ ছড়িয়ে পড়তে পড়তে বকুল, লিচু, কাঁঠাল এবং আরও অনেক গাছের তলা উৎসবে শামিল নাগরিকদের জটলায় জমজমাট। মঞ্চে শিল্পীরা গাইছিলেন গান, পালাক্রমে চলছিল নাচ, কবিতা আবৃত্তি। নবান্ন বলে কথা! শ্রোতাদের নবান্নের আপ্যায়ন করা হয়েছিল শীতের ঐতিহ্যবাহী পিঠা আর মুড়ির মোয়া দিয়ে।
মেয়েরা রঙিন শাড়ি পরে খোঁপায় ফুল গুঁজে আর ছেলেরা পাঞ্জাবি গায়ে শামিল হয়েছিল উৎসবে। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে সকাল ৭টা ১ মিনিটে প্রিয়াঙ্কা গোপের রাগসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে লায়লা আফরোজ আবৃত্তি করেন ‘আমার সকল কথা’ কবিতাটি। আরও আবৃত্তি করেন কাজী মদিনা ও আহকামউল্লাহ। এরপর দলীয় সংগীত পরিবেশনায় আনন্দন-এর শিল্পীদের ‘বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি’ গানটির সঙ্গে অনেক দর্শককে ঠোঁট মেলাতে দেখা যায়।
সাংস্কৃতিক পর্বের একপর্যায়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি সমবেতদের সর্বজনীন উৎসব চর্চা বাড়ানোর আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের চেয়ারপারসন লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালামসহ অনেকে। বক্তারা পয়লা অগ্রহায়ণকে ‘জাতীয় নবান্ন উৎসব দিবস’ ঘোষণা করে সরকারি ছুটি দেওয়ার দাবি জানান। এ সময় ফ্রান্সের প্যারিসে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ‘ঢেঁকি নাচে ধাপুর ধুপুর’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন নটরাজের শিল্পীরা। শিল্পী ফরিদা পারভীনের দুটি লালনের গানের সঙ্গে ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’ স্মৃতিজাগানিয়া গানটি ছিল দর্শকদের বিশেষ পাওয়া। মহাদেব ঘোষ গেয়ে শোনান ‘আয় রে মোরা ফসল কাটি’, সন্দীপন শোনান ‘ফসলের সোনা মাঠে’। সমবেত সংগীতে উদীচীর শিল্পীরা ‘হায় রে কোথায় সোনার ধান’, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ‘আবার জমবে মেলা বটতলা’, বহ্নিশিখা শিল্পীরা ‘নবান্নেতে রইল বন্ধু’ গানগুলো শোনান। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, নৃত্যম, নন্দন কলাকেন্দ্রের শিল্পীরা। গারো কালচারাল একাডেমির শিল্পীরা পরিবেশন করেন ওয়ানগালা জুম নৃত্য। রাজশাহীর রঙ্গরস থিয়েটারের শিল্পীদের ‘আলকাপ’ হাসির খোরাক জোগায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজার চৌধুরী। সকাল ৯টা ৫ মিনিটে চারুকলার বকুলতলা থেকে বের হয় নবান্ন শোভাযাত্রা। এটি টিএসসি চত্বর ঘুরে আবার চারুকলার বকুলতলায় এসে শেষ হয়। বিকেলেও দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।