গানের সুরে শুরু 'ঢাকা লিট ফেস্ট'
বাংলা একাডেমি প্রাঙ্গণে নেদা শাকিবার গানের সুরে বৃহস্পতিবার শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’ এর সপ্তম আসর। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সিরিয়ার কবি আদোনিস।
ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস, সাদাফ সায ও আহসান আকবারের পরিচালনায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তন এখন সাহিত্য এবং সাহিত্যিকদের মেলা। এ বছর দেড় শ জন দেশীয় অতিথিদের সঙ্গে বিদেশি অতিথি এসেছেন ৭৫ জন। তিন দিনের এই উৎসবে আয়োজন করা হয়েছে ৯০টির মতো সেশনের।
দক্ষিণ এশিয়ার ইংরেজি ভাষার সাহিত্যের সম্মানজনক ডিএসসি প্রাইজ ঘোষণা এবং ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে জানিয়ে পরিচালক সাদাফ সায বলেছেন, ‘প্রতিবছরের মতো জেমকন সাহিত্য পুরস্কারের পাশাপাশি এ বছর এই আয়োজনে শুরু হচ্ছে ব্রিটিশ জার্নাল ‘গ্রান্টা’র যাত্রাও।’
লিট ফেস্টের বিষয় সম্পর্কে পরিচালক আহসান আকবার বলেন, ‘এ বছর আমাদের ফেস্টের বিষয় হলো- বাধাকে না বলা।’
লিট ফেস্টের তিন পরিচালক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কবি আদোনিসের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সাহিত্য মিলনমেলা।