গানের সুরে ২০১৬ সালকে বিদায় জানালেন লাখো পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম বঙ্গোপসাগরে ডুব দিচ্ছে ২০১৬ সালের শেষ সূর্য। কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
পশ্চিম বঙ্গোপসাগরে ডুব দিচ্ছে ২০১৬ সালের শেষ সূর্য। কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

২০১৬ সালকে বিদায় জানাতে গতকাল শনিবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে সমবেত হয়েছিলেন দেশ-বিদেশের লাখো পর্যটক। বর্ষবিদায় ও বরণকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে তিন দিনের বিচ কার্নিভ্যাল চলছে।
সৈকতের সুগন্ধা পয়েন্টে স্থাপিত ‘বিচ কার্নিভ্যাল’ মঞ্চে বছরের শেষ বিকেলটা রাঙিয়ে তোলে ব্যান্ড দল সোলস। পার্থ বড়ুয়ার ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানের সঙ্গে বালুচরে দাঁড়ানো অন্তত আড়াই লাখ লোক বিদায় জানান বছরের শেষ সূর্যকে।
দুপুর ১২টা থেকেই বিচ কার্নিভাল মঞ্চে জড়ো হতে থাকেন পর্যটকেরা। দুইটার দিকে শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা। বিকেল চারটার দিকে মঞ্চে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তিনি দর্শকদের উদ্দেশে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশাল সমুদ্রের সামনে গান গাওয়ার আনন্দ অনেক।’ এরপর তিনি বালুচর থেকে মঞ্চে ডেকে আনেন বেশ কয়েকজন দর্শককে (পর্যটক)। তাঁদের নিয়েই গাইলেন ‘ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা’। এরপর একে একে গেয়ে শোনান ‘সাত সাগর পাড়ি দিয়ে’, ‘তুমি যে আমার কবিতা’সহ কয়েকটি জনপ্রিয় গান।
এরপর মঞ্চে আসেন ব্যান্ড দল সোলসের পার্থ বড়ুয়া। তাঁর গাওয়া ‘এ এমন পরিচয়’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘ও বাঁই আঁরা চাঁটগাইয়া নওজোয়ান’সহ বেশ কয়েকটি গান মাতিয়ে রাখে উপস্থিত দর্শকদের। বছরের শেষ সূর্যটা অস্তমিত হওয়ার পর দর্শকদের উজ্জীবিত করতে গেয়ে শোনান ‘ও বন্ধু তোকে মিস করছি ভীষণ’।
বেসরকারি টেলিভিশন চ্যালেন এসএ টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান ‘কার্নিভাল ইভেন্টস’ এই উৎসবের আয়োজন করে। আজ রোববার বেলা দুইটা থেকে নতুন বছরের প্রথম দিনকে বরণ করতে কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে ফানুস ও ঘুড়ি উৎসব। গান গাইবেন জেমসসহ দেশের জনপ্রিয় শিল্পীরা।
কার্নিভাল ইভেন্টসের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, বিশ্বের দীর্ঘতম সৈকতের রূপলাবণ্য পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া গেলে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন বহুগুণ বেড়ে যাবে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, বছরের শেষ বিকেলে সৈকতের কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে অন্তত আড়াই লাখ পর্যটকের সমাগম ঘটে। আনন্দ-উল্লাসে বছরের শেষ দিনটি কাটানোর সুযোগ করে দিতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সৈকতে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন এবার বন্ধ রাখা হয়েছে। তবু আড়াই লাখ পর্যটকের সমাগম প্রমাণ করে কক্সবাজারে নিরাপদে ঘুরে বেড়ানো যায়।