গান্ধিমারা-বেলগাছি সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গান্ধিমারা চৌরাস্তা মোড় থেকে বেলগাছি রেলস্টেশন পর্যন্ত রাস্তাটি এক যুগেরও বেশি সময় ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের ভ্যানচালক মোকলেছ শেখ জানান, রাস্তার বিভিন্ন স্থানে গর্ত থাকায় প্রায় সময়ই স্পোক কেটে যায়। মাঝেমধেই যাত্রীরা ভ্যান থেকে পড়ে যায়। আর বৃষ্টির সময় খানাখন্দ পানিতে ভরা থাকায় অনুমান করে ভ্যান চালাতে হয়, তখন সমস্যার অন্ত থাকে না। রাজবাড়ী সদর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, পৌনে তিন কিলোমিটারের এই রাস্তাটি সর্বশেষ ২০০০ সালে মেরামত করা হয়। এরপর বরাদ্দ না থাকায় এ পর্যন্ত আর এই রাস্তা মেরামত করা হয়নি। এ ছাড়া বালু ও পাথর বহনকারী ভারী ট্রাক নিয়মিত যাতায়াত করায় রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।খানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান জানান, শুষ্ক মওসুমে কোনোমতো যানবাহন চলাচল করতে পারলেও বৃষ্টির সময় তা অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার প্রকৌশলী মো. জালাল উদ্দিন শেখ জানান, রাস্তাটির কিছু অংশ কালুখালী উপজেলায় পড়েছে। রাজবাড়ী অংশের ১২০০ মিটার রাস্তার কাজের বরাদ্দ পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। ডিসেম্বর মাসে রাস্তার কাজ শুরু করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।