গান্ধী মিশন নিয়ে আবুল মকসুদের বইয়ের মোড়ক উন্মোচন
নোয়াখালীতে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত ‘গান্ধী শান্তি মিশন’ নিয়ে বই লিখেছেন সৈয়দ আবুল মকসুদ। আজ বুধবার সকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের একটি ভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
‘গান্ধী ক্যাম্প: এ ক্রনলজি অব নোয়াখালী ইভেন্ট (১৯৪৭-৪৯)’ শিরোনামের বইটির প্রকাশক মহাত্মা গান্ধী স্মারক সদন। ১০৮ পৃষ্ঠার ২৫০ টাকা মূল্যের এ বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনীতে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক সৈয়দ আবুল মকসুদ, ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকারের কর্মীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৈয়দ আবুল মকসুদ বলেন, কলকাতা গণহত্যার জেরে ১৯৪৬ সালের অক্টোবর মাসে নোয়াখালীতে হিন্দু-মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই বছরের ৭ নভেম্বরে মহাত্মা গান্ধী নোয়াখালীতে আসেন। তিনি প্রায় চার মাস নোয়াখালীতে অবস্থান করেন। হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি গান্ধী শান্তি মিশন প্রতিষ্ঠা করেন। নোয়াখালীতে এমন ২৬টি গান্ধী শান্তি মিশন প্রতিষ্ঠিত হয়। মহাত্মা গান্ধীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে নোয়াখালীতে আসা ৩০ জন সহযাত্রী এসব শান্তি মিশন পরিচালনা করতেন।
আবুল মকসুদ বলেন, গান্ধী মিশন হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ওই এলাকায় নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত শান্তি মিশন। মিশন চালাতে গিয়ে প্রতিষ্ঠাতারা নানা ধরনের অত্যাচার -নির্যাতনের শিকার হন। তাঁদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। এ ব্যাপারে তাঁরা তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নরসহ অনেককে বিভিন্ন সময়ে চিঠি দেন। ওই সময়ের গান্ধী মিশনের পরিচালকদের বিভিন্ন ব্যক্তিগত চিঠিপত্র, ডায়েরি, নোট, বইসহ দুর্লভ দলিল-দস্তাবেজের ওপর ভিত্তিতে এ বইটি লেখা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে ওই অনুষ্ঠান শেষে ওই ভবনের দোতলায় অস্থায়ী ভিত্তিতে গান্ধী গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।